প্রথম ফোল্ডেবল আইফোন আনতে বিশেষ পরিকল্পনা অ্যাপলের
প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আনতে গিয়ে আইফোন উন্মোচনের প্রচলিত কৌশলে বড় পরিবর্তন আনতে পারে অ্যাপল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শেষার্ধে প্রতিষ্ঠানটি শুধু উচ্চমূল্যের আইফোন মডেলগুলো উন্মোচন করতে পারে। আর সাধারণ আইফোন ১৮ বাজারে আসতে পারে ২০২৭ সালের প্রথম দিকে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন লাইনআপে থাকতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স। অর্থাৎ, একসঙ্গে সব মডেল উন্মোচনের বদলে প্রিমিয়াম ডিভাইসগুলোকেই অগ্রাধিকার দিতে পারে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, মেমোরি চিপ ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এ পরিস্থিতিতে সীমিত সরবরাহ ও উৎপাদন সক্ষমতা সবচেয়ে বেশি আয় এনে দিতে পারে এমন মডেলগুলোর জন্য বরাদ্দ করতে চাইছে অ্যাপল।

ফোল্ডেবল আইফোন উৎপাদনও প্রচলিত স্মার্টফোনের তুলনায় বেশি জটিল। এতে নমনীয় ডিসপ্লে, বিশেষ ধরনের হিঞ্জ এবং কঠোর মান নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। ফলে নতুন এই ডিভাইসের উৎপাদনে বাড়তি মনোযোগ ও সম্পদ বিনিয়োগ করতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।
বাজার বিশ্লেষকদের ধারণা, প্রিমিয়াম মডেলের বিক্রি বাড়াতে পারলে উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দেওয়া সহজ হবে। একই সঙ্গে প্রতি ডিভাইস থেকে বেশি মুনাফা অর্জনের সুযোগও পাবে অ্যাপল।
তবে এই কৌশলের ঝুঁকিও রয়েছে। সাধারণ আইফোন ব্যবহারকারীদের একটি অংশ নতুন মডেলের জন্য অপেক্ষা করতে পারেন। আবার কেউ কেউ বিকল্প ব্র্যান্ডের স্মার্টফোনের দিকেও ঝুঁকতে পারেন।
অ্যাপল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির উন্মোচন পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তবে ফোল্ডেবল আইফোনকে কেন্দ্র করে অ্যাপল যে নতুন ব্যবসায়িক কৌশল বিবেচনা করছে, বিভিন্ন প্রতিবেদনে তারই ইঙ্গিত মিলেছে।
সূত্র : দ্য স্ট্রিট ডটকম