উইন্ডোজ ১০-এ নতুন ফিচারের ইতি টানছে মাইক্রোসফট
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট ৩৬৫ অ্যাপসে নতুন ফিচার দেওয়া বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। চলতি মাস থেকেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টসহ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপসের নতুন সুবিধা পাওয়া বন্ধ হতে পারে।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০-চালিত ডিভাইসে মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ভার্সন ২৬০৮ পর্যন্ত নতুন ফিচার ও কপাইলট সুবিধা পাবে। এরপর আর কোনো নতুন ফিচার যোগ করা হবে না। তবে সক্রিয় অফিস সাবস্ক্রিপশন থাকা গ্রাহকেরা নিরাপত্তা হালনাগাদ পেতে থাকবেন।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ভার্সন ২৬০৮ প্রকাশের পর উইন্ডোজ ১০-এর মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ওই সংস্করণেই স্থির থাকবে। এরপর ১০ অক্টোবর ২০২৮ পর্যন্ত শুধু নিরাপত্তা হালনাগাদ দেওয়া হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্ট জানিয়েছে, ভার্সন ২৬০৮ চলতি মাসেই উন্মুক্ত হতে পারে। ফলে উইন্ডোজ ১০-চালিত কম্পিউটারে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীরা শিগগিরই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের নতুন ফিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।
মাইক্রোসফট আরও জানিয়েছে, ১০ অক্টোবর ২০২৮-এর পর মাইক্রোসফট ৩৬৫ অ্যাপসের জন্য নিরাপত্তা হালনাগাদও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ওই সময়ের পর অ্যাপগুলো আর কোনো ধরনের আপডেট পাবে না।
ওয়ানড্রাইভের ক্ষেত্রেও একই সময়সীমা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ১০-এর ২২এইচ২ সংস্করণে চলা ওয়ানড্রাইভ ডেস্কটপ অ্যাপ ১০ অক্টোবর ২০২৮ পর্যন্ত হালনাগাদ পাবে। তবে উইন্ডোজ ১০-এর আরও পুরোনো সংস্করণে থাকা ব্যবহারকারীরা আর নতুন আপডেট পাবেন না।
মাইক্রোসফটের পরামর্শ, উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব উইন্ডোজ ১১-এ হালনাগাদ করা উচিত। প্রতিষ্ঠানটির মতে, সমর্থনহীন অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস ব্যবহার করলে কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতাসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।