পর্যবেক্ষক হিসেবে বৈশ্বিক এআই জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে সাংহাইভিত্তিক সংস্থা ওয়াইকোতে পর্যবেক্ষক সদস্য হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওয়াইকো বা বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা একটি আন্তঃসরকারি সংগঠন, যা গত ১৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। একই দিনে সাংহাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২৯টি দেশ এ সংস্থা গঠনের চুক্তিতে স্বাক্ষর করে।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চীনের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
চুক্তি অনুযায়ী, সংস্থাটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা অনুসরণ করবে এবং পারস্পরিক পরামর্শ, যৌথ অবদান ও সবার জন্য সুফল নিশ্চিত করার নীতিতে পরিচালিত হবে। এতে মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ওয়াইকোর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক নীতিনির্ধারণ জোরদার করা। একই সঙ্গে প্রযুক্তিটি যেন নিরাপদ, ন্যায্য ও মানবকল্যাণে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করা।
এ ছাড়া সংস্থাটি উদ্ভাবনে সহযোগিতা বাড়ানো, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, এবং উন্মুক্ত ও বৈষম্যহীন প্রযুক্তি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেবে। পাশাপাশি দ্রুত বিকাশমান এই প্রযুক্তির জন্য কার্যকর নীতিমালা প্রণয়নেও কাজ করবে ওয়াইকো।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এ সংস্থায় যুক্ত হওয়ার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সক্ষমতা আরও শক্তিশালী হবে।