ডিপফেক ও ভুয়া পরিচয়ে বাড়ছে সাইবার প্রতারণা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪:১০

ডিপফেক ও ভুয়া পরিচয়ে বাড়ছে সাইবার প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারে বিশ্বজুড়ে সাইবার প্রতারণার নতুন ধারা তৈরি হয়েছে। বিশেষ করে ডিপফেক ও সিনথেটিক বা ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারকরা এখন আরও সহজে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে পারছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পরিচয় নিরাপত্তা প্রতিষ্ঠান ‘পিং আইডেন্টিটি’ জানায়, সাম্প্রতিক সময়ে সিনথেটিক পরিচয় জালিয়াতি বৈশ্বিকভাবে প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ধরনের প্রতারণায় বাস্তব ও ভুয়া তথ্য মিলিয়ে এমন পরিচয় তৈরি করা হয়, যা প্রচলিত যাচাই প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে সক্ষম।

প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের এক কর্মকর্তা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত ডিজিটাল সেবা বিস্তারের কারণে এ ধরনের ঝুঁকি আরও বাড়ছে। আর্থিক খাত, ই-কমার্স এবং সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম এখন প্রতারকদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা এখন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কণ্ঠ বা ভিডিও নকল করতে পারছে। এর মাধ্যমে ভুয়া আর্থিক লেনদেন অনুমোদন করানো বা সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার মতো ঘটনা বাড়ছে।

একই সঙ্গে এআই-চালিত ফিশিং আক্রমণও অনেক বেশি উন্নত হয়েছে। স্বয়ংক্রিয় বট এখন স্থানীয় ভাষায় ব্যক্তিগতকৃত বার্তা তৈরি করতে পারে, যা শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রতারণার ফাঁদে পড়ছেন।

এ ছাড়া চুরি হওয়া তথ্যের সঙ্গে এআই-তৈরি পরিচয় যুক্ত করে ব্যাংক হিসাব, ই-ওয়ালেট ও বিভিন্ন ডিজিটাল সেবা অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এসব অ্যাকাউন্ট পরে অর্থ পাচারসহ নানা অপরাধে ব্যবহৃত হচ্ছে

বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি যেমন নিরাপত্তা জোরদারে সহায়তা করতে পারে, তেমনি অপরাধীরাও একই প্রযুক্তি ব্যবহার করে আরও জটিল ও দ্রুতগতির আক্রমণ চালাতে সক্ষম হচ্ছে। এতে করে প্রতিরোধ ব্যবস্থা ও আক্রমণের মধ্যে একটি “গতির ব্যবধান” তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত পরিচয় যাচাই ব্যবস্থা, সীমিত প্রবেশাধিকার নীতি এবং এআই এজেন্টগুলোর ওপর কঠোর নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি, না হলে এআই-নির্ভর এই নতুন ধরনের প্রতারণা আরও বড় হুমকিতে পরিণত হতে পারে

সূত্র : ব্যাংকক পোস্ট

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন