গুগল ফটোসে এআই ‘ভিডিও রিমিক্স’ ফিচার চালু

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১৬:৪৭

গুগল ফটোসে এআই ‘ভিডিও রিমিক্স’ ফিচার চালু
ছবি : টেকক্রাঞ্চ

গুগল ফটোসে যুক্ত হলো নতুন এআই ফিচার ‘ভিডিও রিমিক্স’, যা কয়েক সেকেন্ডেই ভিডিও সম্পাদনা ও রূপান্তর করতে পারে। বুধবার এ ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি চালিত হচ্ছে জেমিনি ওমনি মডেল দিয়ে, যা যেকোনো ইনপুট থেকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে সক্ষম বলে জানিয়েছে কোম্পানি।

এই ফিচার চালুর মাধ্যমে গুগল তাদের ভোক্তামুখী অ্যাপগুলোতে আরও বেশি জেনারেটিভ এআই যুক্ত করার কৌশল জোরদার করছে। অ্যাপল, ওপেনএআই ও অ্যাডোবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুগল ফটোসেই ভিডিও এডিটিং সুবিধা যুক্ত হওয়ায় আলাদা সফটওয়্যার ছাড়াই সহজে ভিডিও সম্পাদনা করা যাবে, যা ব্যবহারকারীদের গুগলের ইকোসিস্টেমে ধরে রাখতেও সহায়তা করবে।

‘ক্রিয়েট’ ট্যাব থেকে ভিডিও রিমিক্স ফিচারটি ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ভিডিওতে সিনেমাটিক আলো যোগ করা, সাধারণ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা বা ওয়াটারকালার, স্কেচবুক কিংবা অয়েল পেইন্টিংয়ের মতো শিল্পধর্মী স্টাইল প্রয়োগ করা সম্ভব।

উদাহরণ হিসেবে, একটি ভিডিওকে গ্রিনহাউসে ধারণ করা হয়েছে এমনভাবে রূপান্তর করা, সকালের আলো যোগ করা বা ভিডিওকে জলরঙের চিত্রের মতো করে তোলাও সম্ভব এই ফিচারের মাধ্যমে।

গুগল বলেছে, আকর্ষণীয় ভিডিও তৈরি করতে আর পেশাদার দক্ষতা বা দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। ভিডিও রিমিক্সের সাহায্যে কয়েকটি ট্যাপেই সাধারণ ভিডিওকে শেয়ারযোগ্য মুহূর্তে রূপ দেওয়া যাবে।

ফিচারটি গতকাল (৮ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও তুরস্কে গুগল এআই প্লাস, প্রো ও আল্ট্রা সাবস্ক্রাইবারদের জন্য চালু হচ্ছে।

এটি গুগল ফটোসের সাম্প্রতিক এআই আপডেটগুলোর অংশ। এর আগে অ্যাপে নতুন টাচ-আপ টুল যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ত্বকের দাগ দূর করা, ত্বকের টেক্সচার উন্নত করা, চোখ উজ্জ্বল করা এবং দাঁত সাদা করার মতো সূক্ষ্ম সম্পাদনা করা যায়। পাশাপাশি, পোশাকের ছবি থেকে ডিজিটাল ওয়ারড্রোব তৈরি করে নতুন পোশাকের ধারণা দেওয়া এবং ভার্চুয়ালি পোশাক পরখ করার সুবিধাও চালু করেছে গুগল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন