এআই বিনিয়োগের চাপে প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
মাইক্রোসফট বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৮শ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা মোট কর্মীর প্রায় ২.১ শতাংশ। একই সঙ্গে এক্সবক্স গেমিং ইউনিটে বড় ধরনের পুনর্গঠন ও একাধিক স্টুডিও আলাদা বা বিক্রির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
গেমিং বিভাগেই প্রায় ৩ হাজার ২শ’ কর্মী ছাঁটাই হবে; সোমবারই ১ হাজার ৬শ’ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে বিপুল বিনিয়োগের পরও প্রত্যাশিত মুনাফা না আসায় এক্সবক্স ব্যবসায় কৌশল বদলাচ্ছে কোম্পানিটি।
অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণসহ বড় বিনিয়োগ সত্ত্বেও সনি’র প্লেস্টেশন ও নিন্টেন্ডোর সঙ্গে ব্যবধান কমাতে পারেনি মাইক্রোসফট। তাই কনসোলনির্ভরতা কমিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে গেম ছড়ানোর কৌশলে ঝুঁকছে তারা।
এক্সবক্স প্রধান আশা শর্মা জানিয়েছেন, চারটি স্টুডিও আলাদা করা হবে। কম্পালশন গেমস ও ডাবল ফাইন প্রোডাকশনস স্বাধীন হবে। নিনজা থিওরি ও আনডেড ল্যাবসকেও পৃথক করে ‘সেনুয়া’ ও ‘স্টেট অব ডিকে ৩’ উন্নয়নে জোর দেওয়া হবে।
‘ডিশনার্ড’ নির্মাতা আরকেন স্টুডিও, যারা মার্ভেলের ‘ব্লেড’ গেমে কাজ করছে, তাদের ব্যবস্থাপনা ফ্রান্সে কর্মী ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করেছে।
বিশ্বজুড়ে এআই বিনিয়োগের চাপের মধ্যেই এ সিদ্ধান্ত। চলতি বছর বিগ টেকের এআই ব্যয় ৭শ’ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। অ্যামাজন ও মেটাও ইতোমধ্যে হাজারো কর্মী ছাঁটাই করেছে।
চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান বলেছেন, ছাঁটাই হওয়া পদগুলো এআই দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে না, যদিও এআই কাজের ধরন বদলে দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, এটি মূলত ব্যয় নিয়ন্ত্রণ ও বিনিয়োগ পুনর্বিন্যাস। বাজার এখন ছাঁটাইয়ের চেয়ে এআই থেকে আয় বাড়ার প্রমাণকে বেশি গুরুত্ব দেবে।
এর আগে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ শতাংশ কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব দেয় কোম্পানি। নতুন অর্থবছরের আগে ব্যয় পরিকল্পনা ঠিক করতে জুনের শেষ দিকে এমন পুনর্গঠন মাইক্রোসফট প্রায়ই করে।
বিশেষজ্ঞদের মতে, এআই বিনিয়োগের খরচ সামলাতে কর্মী কমিয়ে মুনাফা ধরে রাখতে চাইছে প্রতিষ্ঠানটি। আজুর ক্লাউডে প্রবৃদ্ধি থাকলেও ডেটা সেন্টার নির্মাণ ব্যয় নগদ প্রবাহে চাপ দিচ্ছে।
এদিকে এআই টুল ব্যবসায়িক কাজ স্বয়ংক্রিয় করায় সফটওয়্যার ব্যবসায় চাপ বাড়ছে। ডেটা সেন্টারের চাহিদায় মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় এক্সবক্স কনসোলের দামও বাড়াতে হয়েছে, যখন চাহিদা আগেই কিছুটা কমছিল।