স্পেসএক্সএআইয়ের নতুন গ্রোক ৪.৫ নিয়ে উচ্চ প্রত্যাশা মাস্কের
স্পেসএক্সএআই তাদের সর্বশেষ এআই মডেল গ্রোক ৪.৫ উন্মোচন করেছে, যা কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রথম বড় প্রকাশ। বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে এই মডেলকে বহুমুখী কাজের জন্য উপযোগী ‘ওয়ার্কহর্স’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
কোম্পানির দাবি, গ্রোক ৪.৫ কোডিং, অ্যাপ তৈরি, অফিস ও প্রশাসনিক কাজ, গবেষণা, লেখালেখিসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক কাজ দক্ষতার সঙ্গে করতে সক্ষম। এ ছাড়া এটি তুলনামূলক কম খরচে কাজ করতে পারে, কারণ অন্যান্য শীর্ষ মডেলের তুলনায় এর টোকেন দক্ষতা দ্বিগুণ বলে জানিয়েছে স্পেসএক্সএআই।
বাস্তব ব্যবহারে এই দক্ষতা প্রমাণিত হলে এটি বড় সুবিধা হয়ে উঠতে পারে, কারণ টোকেন খরচ বর্তমানে এআই ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত বেঞ্চমার্ক তথ্যে দেখা গেছে, প্রতিযোগী প্রতিষ্ঠানের শীর্ষ মডেলগুলোর সঙ্গে গ্রোক প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম, যদিও সেরা অবস্থানে নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক গ্রোক ৪.৫-কে অ্যানথ্রপিকের জটিল কাজের জন্য তৈরি ‘ওপাস’ মডেলের সঙ্গে তুলনা করেন। তিনি জানান, বেটা ব্যবহারকারীদের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতে গ্রোক ৪.৫ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে এবং এটি দ্রুততর, বেশি দক্ষ ও কম খরচের ‘ওপাস-শ্রেণির’ মডেল।
পরবর্তীতে মাস্ক আরও বলেন, তাদের অভ্যন্তরীণ মূল্যায়নে গ্রোক ৪.৫ প্রায় ওপাস ৪.৭-এর সমমানের হলেও গতি বেশি। সক্ষমতা, দ্রুততা এবং কম খরচের সমন্বয়ই এটিকে প্রতিযোগিতামূলক করে তুলেছে।
স্পেসএক্সএআই জানিয়েছে, গ্রোক ৪.৫-এর খরচ প্রতি মিলিয়ন ইনপুট টোকেনে ২ ডলার এবং আউটপুট টোকেনে ৬ ডলার। তুলনায় ওপাস ৪.৭-এর ক্ষেত্রে এই খরচ যথাক্রমে ৫ ডলার ও ২৫ ডলার।
অন্যদিকে ওপেনএআইয়ের বিভিন্ন মডেলে ধাপে ধাপে খরচ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ‘সোল’ মডেলের ইনপুট টোকেন প্রতি মিলিয়নে ৫ ডলার এবং আউটপুটে ৩০ ডলার খরচ হয়, আর তুলনামূলক সস্তা ‘লুনা’ মডেলের ক্ষেত্রে তা যথাক্রমে ১ ডলার ও ৬ ডলার।
এদিকে, এআই মডেল উন্মোচনের দিক থেকে সপ্তাহটি বেশ গুরুত্বপূর্ণ। ওপেনএআই বৃহস্পতিবার তাদের নতুন ও সবচেয়ে শক্তিশালী মডেল জিপিটি ৫.৬ উন্মোচনের পরিকল্পনা করছে। নিরাপত্তাজনিত উদ্বেগে ট্রাম্প প্রশাসনের কারণে আগে এই মডেলের প্রকাশ বিলম্বিত হয়েছিল বলে জানা গেছে। কোম্পানিটি একে তাদের এখন পর্যন্ত ‘সবচেয়ে শক্তিশালী মডেল’ হিসেবে উল্লেখ করেছে।