খরচ কমাতে নিজস্ব এআই মডেলের দিকে ঝুঁকছে মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যয় দ্রুত বাড়তে থাকায় খরচ কমানোর উপায় খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এই ধারায় এবার যোগ দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এখন বাইরের এআই সেবার ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের তৈরি মডেলের ব্যবহার বাড়াচ্ছে বলে জানা গেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট তাদের বহুল ব্যবহৃত সফটওয়্যার এক্সেল ও ওয়ার্ডে ব্যবহারকারীর কিছু অনুরোধের জবাব দিতে নিজস্ব ‘এমএআই’ মডেল ব্যবহার শুরু করেছে। আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, অফিস ৩৬৫–এর বড় অংশ ওপেনএআই ও অ্যানথ্রপিকের মডেল দ্বারা পরিচালিত।
তবে এখনো এই তৃতীয় পক্ষের মডেল পুরোপুরি বাদ দিচ্ছে না মাইক্রোসফট। পাশাপাশি নিজেদের এআই সক্ষমতা বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত মাসে বার্ষিক ‘বিল্ড’ সম্মেলনে তারা সাতটি নতুন এমএআই মডেল উন্মোচন করে, যার মধ্যে এজেন্টভিত্তিক কোডিং টুল ও টেক্সট-টু-ইমেজ জেনারেটরও রয়েছে।
এ বিষয়ে টেকক্রাঞ্চের প্রশ্নে মাইক্রোসফট অতিরিক্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের এই পদক্ষেপ বৃহত্তর একটি প্রবণতার অংশ। বছরের শুরুর দিকে এআই ব্যবহারে দ্রুত সম্প্রসারণ দেখা গেলেও সাম্প্রতিক সময়ে প্রযুক্তি কোম্পানিগুলো খরচ কমানোর দিকে ঝুঁকছে।
অ্যামাজন, উবার, মেটা ও অ্যাকসেঞ্চারের মতো বড় প্রতিষ্ঠানগুলোও ব্যয় নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এআই সেবা তৈরি ও ব্যবহারের বিপুল খরচ এখন শিল্পখাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিলিকন ভ্যালির কিছু প্রতিষ্ঠান তুলনামূলক কম খরচের কারণে চীনা মডেলের দিকেও ঝুঁকছে, যদিও এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে।