সিসকো ‘পার্টনার অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে ইএসএল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১৮:০৩

সিসকো ‘পার্টনার অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে ইএসএল

দেশে ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তি প্রয়োগ ও ধারাবাহিক ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ “Cisco Partner of the Year FY25 – Bangladesh” সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। দীর্ঘদিনের অংশীদারিত্ব ও প্রযুক্তিগত দক্ষতার ভিত্তিতে অর্জিত এ স্বীকৃতি দেশের আইসিটি খাতে প্রতিষ্ঠানটির অবস্থান আরও দৃঢ় করেছে। এ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় বিশেষ এক উদযাপন অনুষ্ঠান।

ঢাকার গুলশানের লেকশোর হোটেলে গতকাল (৬ জুলাই, সোমবার) আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনের প্রতিনিধিরা। এর আগে ‘Cisco India & South Asia Partner Confluence 2026’-এ ইএসএলকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে ইএসএলের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ খাতে দক্ষ জনশক্তির ঘাটতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের প্রশিক্ষিত অনেক কর্মী বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশেষ করে প্রি-সেলস ও পোস্ট-সেলস পর্যায়ে জনবলের সংকট রয়েছে।’ স্থানীয়ভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আরও বিনিয়োগ ও উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি। এ জন্য ইএসএল সম্প্রতি ‘CSL ক্লাসরুম’ নামে একটি প্রশিক্ষণ ল্যাব চালু করেছে, যেখানে প্রতি তিন মাসে প্রায় অর্ধশত তরুণকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ইএসএল সিসকোর পণ্য ও সমাধান নিয়ে কাজ শুরু করে। অংশীদারদের দক্ষতা ও অঙ্গীকারের কারণেই দেশে সিসকোর প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে।’ ‘গো বিগ, গো বোল্ড’ স্লোগান সামনে রেখে অংশীদারিত্ব আরও বিস্তারের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, সিসকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার সেলসের চ্যানেল ম্যানেজিং ডিরেক্টর অশোক শিভশঙ্কর, চ্যানেল সেলসের রিজিওনাল ম্যানেজার আনোয়ার হালিম, চ্যানেল পার্টনার টেকনিক্যালের রিজিওনাল ম্যানেজার মুরালি মোহন এবং চ্যানেল ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ম্যানেজার নাভনীত রাধাকৃষ্ণানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ইএসএল ও সিসকোর দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়। ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর থেকে সরকারি ও বেসরকারি খাতে এক হাজারের বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন