অ্যামাজনের ক্রাউডসোর্সিং সেবায় নতুনদের জন্য দরজা বন্ধ
ক্রাউডসোর্সিংভিত্তিক সেবা মেকানিক্যাল টার্কে নতুন গ্রাহক নেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে অ্যামাজন। ৩০ জুলাই ২০২৬ থেকে আর নতুন কোনো গ্রাহক এই সেবায় যুক্ত হতে পারবেন না। তবে বিদ্যমান গ্রাহকেরা আগের মতোই সেবা ব্যবহার করতে পারবেন।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানায়, ‘বিস্তৃত বিবেচনার পর’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, মেকানিক্যাল টার্কে নিরাপত্তা ও সেবার প্রাপ্যতা উন্নত করতে বিনিয়োগ চলবে, তবে নতুন কোনো ফিচার যোগ করার পরিকল্পনা নেই। ফলে সেবাটি বন্ধ না হলেও কার্যত সীমিত পর্যায়ে রয়ে যাচ্ছে।
২০০৫ সালে চালু হওয়া মেকানিক্যাল টার্ক এমন একটি মার্কেটপ্লেস, যেখানে মানুষ ছোট ছোট কাজের বিনিময়ে পারিশ্রমিক পেতেন। যেমন ক্যাপচা সমাধান করা বা বাক্যের অনুভূতি শনাক্ত করা, যেগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা কঠিন ছিল।
একসময় প্ল্যাটফর্মটি ক্রাউডসোর্সড শ্রমের নৈতিকতা নিয়ে বড় আলোচনার কেন্দ্র ছিল। ফেসবুক-ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির শুরুর দিকেও এর ভূমিকার কথা উল্লেখ করা হয়।
২০১৮ সাল থেকে অ্যামাজন এটিকে নিউরাল নেটওয়ার্ক প্রশিক্ষণের জন্য ডেটা অ্যানোটেশনের প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করতে শুরু করে, যা তাদের সেজমেকার এআই সেবার অংশ।
তবে সময়ের সঙ্গে এআইয়ের সঙ্গে এর সম্পর্ক আরও জটিল হয়েছে। ২০২৩ সালের এক বিশ্লেষণে দেখা যায়, প্ল্যাটফর্মের ৩৩ থেকে ৪৬ শতাংশ কর্মী কাজ সম্পন্ন করতে বড় ভাষা মডেল ব্যবহার করছেন। এতে ডেটার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মানুষের ভূমিকা আদৌ প্রয়োজন কি না, সে বিতর্কও জোরদার হয়েছে।
সম্প্রতি অ্যামাজনের এই সিদ্ধান্ত প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রেডিটে এক ব্যবহারকারী মন্তব্য করেন, প্ল্যাটফর্মটির কার্যকারিতা অনেক আগেই কমে গেছে, কারণ বট ও প্রতারণার কারণে গবেষক ও কর্মীরা সরে গেছেন। তার ধারণা, ভবিষ্যতে একসময় অ্যামাজন পুরো সেবাটিই বন্ধ করে দিতে পারে।