জেমিনি অ্যাপে বিজ্ঞাপন আনার বিষয়টি পুনর্বিবেচনা করছে গুগল

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৪:৪০

জেমিনি অ্যাপে বিজ্ঞাপন আনার বিষয়টি পুনর্বিবেচনা করছে গুগল
ছবি : টাইমস অব ইন্ডিয়া

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনি অ্যাপে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আপাতত বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে শুধু সার্চের এআই মোডে চালানো হচ্ছে।

গুগল তাদের জেমিনি এআই অ্যাপে বিজ্ঞাপন যুক্ত করার আগের অবস্থান থেকে সরে আসছে কি না, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কোম্পানির চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার সাম্প্রতিক আয়ের হিসাব প্রকাশের সময় এ বিষয়ে নতুন করে ইঙ্গিত দেন।

তিনি জানান, বর্তমানে জেমিনি অ্যাপটি বিজ্ঞাপনমুক্ত থাকলেও সার্চের এআই মোড এবং এআই ওভারভিউ ফিচারে বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ভবিষ্যতে একই ধরনের বিজ্ঞাপন ফরম্যাট জেমিনি অ্যাপেও আনা হতে পারে।

শিন্ডলার বলেন, এআই মোডে যে বিজ্ঞাপন ফরম্যাট কাজ করছে, তা সফল হলে সেটি জেমিনি অ্যাপেও প্রয়োগ করা যেতে পারে। তবে আপাতত কোম্পানির মূল মনোযোগ এআই মোডের উন্নয়নেই রয়েছে।

গুগল এখন জেমিনি ঘিরে সাবস্ক্রিপশন সেবার দিকেও বেশি গুরুত্ব দিচ্ছে। এর আওতায় ফিটবিট প্রিমিয়াম এবং বাড়তি ক্লাউড ফটো স্টোরেজের মতো প্রিমিয়াম সুবিধা একসঙ্গে দিচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হলেও বিজ্ঞাপন বড় পরিসরে পণ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ভাষায়, বিজ্ঞাপন সবসময়ই কোটি কোটি মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়ার একটি বড় মাধ্যম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুগলের মোট সাবস্ক্রিপশনভিত্তিক ব্যবসা বর্তমানে ৩৫ কোটি অর্থপ্রদানকারী ব্যবহারকারীর মাইলফলক ছাড়িয়েছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও এআই পণ্য থেকে আয়ের নতুন কৌশল পরীক্ষা করছে। ওপেনএআই ইতোমধ্যে চ্যাটজিপিটির কিছু বিনা মূল্যের সংস্করণে বিজ্ঞাপন যুক্ত করার কাজ শুরু করেছে। অন্যদিকে অ্যানথ্রপিক তাদের ক্লড এআই মডেলে বিজ্ঞাপন না দেওয়ার অবস্থান প্রকাশ্যে জানিয়েছে।