ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধির আশায় রেকর্ড বিনিয়োগ পরিকল্পনা মাইক্রোসফটের

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৩:১২

ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধির আশায় রেকর্ড বিনিয়োগ পরিকল্পনা মাইক্রোসফটের
ছবি : কম্পিউটার ওয়ার্ল্ড

ক্লাউড কম্পিউটিং ব্যবসায় শক্তিশালী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে মাইক্রোসফট। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর তারা রেকর্ড পরিমাণ পুঁজি ব্যয় করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা বাড়তেই এই সিদ্ধান্ত এসেছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড সেবা ‘আজুর’ থেকে আয় চলতি প্রান্তিকে বাজার পূর্বাভাস ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানায়, ক্লাউড ও সংশ্লিষ্ট সেবার আয় আগের বছরের তুলনায় প্রায় ৩৯ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

তবে আগের প্রান্তিকে এই প্রবৃদ্ধি বাজার প্রত্যাশার চেয়ে কিছুটা কম ছিল। একই সময়ে প্রতিদ্বন্দ্বী গুগলের ক্লাউড ব্যবসা আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে।

গুগলের ক্লাউড সেবা আয় প্রায় ৬৩ শতাংশ বেড়েছে বলে জানা গেছে। ফলে প্রতিযোগিতায় চাপ আরও বেড়েছে মাইক্রোসফটের ওপর।

এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর তাদের মোট পুঁজি ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১৯০ বিলিয়ন ডলার। এটি বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও বেশি।

মাইক্রোসফটের অর্থপ্রধান অ্যামি হুড জানিয়েছেন, এই ব্যয়ের বড় অংশ যাবে সার্ভার ও চিপসহ বিভিন্ন প্রযুক্তি অবকাঠামোতে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় অবকাঠামো সম্প্রসারণ করতে হচ্ছে। এতে খরচও দ্রুত বাড়ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘কোপাইলট ৩৬৫’ ব্যবহারকারীর সংখ্যা ১৫ মিলিয়ন থেকে বেড়ে ২০ মিলিয়নে পৌঁছেছে।

তবে বিশ্লেষকদের মতে, এখনো বড় সংখ্যক ব্যবসায়িক গ্রাহক এই সেবা গ্রহণে ধীরগতিতে এগোচ্ছে।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, যারা কপাইলট ব্যবহার করছেন তারা নিয়মিতভাবে এটি ব্যবহার করছেন, অনেকটা ইমেইল সেবার মতো।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে তাদের সম্ভাব্য আয় বর্তমানে বছরে প্রায় ৩৭ বিলিয়ন ডলার হিসেবে ধরা হচ্ছে।

এদিকে পুঁজি ব্যয়ের চাপ সামলাতে কোম্পানিগুলো ব্যয় কমানোর পথও খুঁজছে। মাইক্রোসফট ইতোমধ্যে কয়েক দশক পর প্রথমবার কর্মী কমানোর উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে অ্যামাজন ও মেটাও হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি মাইক্রোসফট তাদের ওপেনএআইয়ের সঙ্গে চুক্তিতেও পরিবর্তন এনেছে। নতুন চুক্তি অনুযায়ী, ওপেনএআইয়ের আয়ের একটি নির্দিষ্ট অংশ ২০ শতাংশ পর্যন্ত মাইক্রোসফট পাবে, তবে ভবিষ্যতে পণ্য বিক্রির একচেটিয়া অধিকার আর থাকবে না।

এই পরিবর্তনের ফলে মাইক্রোসফটের জন্য ক্লাউড সেবার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন