বিশ্বজুড়ে আইফোনের আবহাওয়া অ্যাপে বিভ্রাট

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৮

বিশ্বজুড়ে আইফোনের আবহাওয়া অ্যাপে বিভ্রাট
ছবি : নাইট-টু-ফাইভ ম্যাক

আইফোনে আবহাওয়া দেখতে গিয়ে হঠাৎ ফাঁকা পর্দা। কারও কাছে আসছে না হালনাগাদ তথ্য, কারও অ্যাপ খুলতেই সময় নিচ্ছে অস্বাভাবিকভাবে। সামাজিক মাধ্যমে অভিযোগ বাড়তে থাকায় স্পষ্ট হয়, অ্যাপল ওয়েদার সেবায় সাময়িক ত্রুটি দেখা দিয়েছে। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আইফোনের ‘অ্যাপল ওয়েদার’ অ্যাপে হঠাৎ করেই ধীরগতি এবং তথ্য লোড না হওয়ার সমস্যা দেখা দেয়। সামাজিক মাধ্যমজুড়ে ব্যবহারকারীরা জানান, অ্যাপটি খুললে অনেক সময় প্রায় ফাঁকা স্ক্রিন দেখা যাচ্ছিল।

ডাউনডিটেক্টর ডটকমের তথ্য অনুযায়ী, একই সময়ে আবহাওয়া তথ্য সরবরাহকারী সেবা ‘দ্য ওয়েদার চ্যানেল’-এও বিশ্বজুড়ে বিভ্রাট ছিল। যেহেতু অ্যাপল ওয়েদার একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে, তাই ওই সমস্যার প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিছু ব্যবহারকারী সহায়তা সেবাতেও প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। তবে সেটি মূলত অ্যাপল ওয়েদার অ্যাপের ত্রুটি জানাতে অতিরিক্ত চাপের কারণেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রথম দিকে অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পাতায় কোনো সমস্যা দেখানো হয়নি। সেখানে সেবাটি স্বাভাবিক বা সবুজ সংকেতেই ছিল। ফলে অনেক ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

পরবর্তীতে অ্যাপল জানায়, সমস্যাটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। এরপর সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

কিছু ক্ষেত্রে দেখা গেছে, অ্যাপটি ধীরে লোড হলেও কয়েক মিনিট অপেক্ষার পর আবার তথ্য দেখাতে শুরু করে। সংরক্ষিত বিভিন্ন স্থানের আবহাওয়ার তথ্যও পরে পাওয়া গেছে।

এই ঘটনা আবারও দেখিয়ে দিল, জনপ্রিয় প্রযুক্তি সেবাও কখনো কখনো সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন