বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৭ জুন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫

বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৭ জুন
ছবি : নিজস্ব

দেশে তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুন ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেছে।

নির্বাচনে অংশগ্রহণের জন্য সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল। এতে অন্তর্ভুক্ত রয়েছে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, প্রতিষ্ঠানের প্রতিনিধির মনোনয়নপত্র, ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি।

প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ মে। এই তালিকা নিয়ে আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে ৮ থেকে ১০ মে এবং আপিল নিষ্পত্তি করা হবে ১১ থেকে ১৩ মে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ও ১৫ মে।

প্রার্থীরা ১৫ থেকে ২১ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে ২২ থেকে ২৮ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল চলবে ২৮ থেকে ৩০ মে, এবং তা নিষ্পত্তি হবে ৩১ মে থেকে ২ জুনের মধ্যে।

বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ৩ জুন। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ৪ থেকে ৬ জুন পর্যন্ত, এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই দিনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের ওপর কোনো আপত্তি থাকলে তা ২৮ জুন দাখিল করা যাবে। আপিল শুনানি শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ১ জুলাই। প্রয়োজনে আপিলের ভিত্তিতে সংশোধিত ফলাফল ৮ জুলাই প্রকাশ করা হতে পারে।

নির্বাচন বোর্ড জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত সকল তথ্য নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন