এমডব্লিউসি ২০২৬-এ রোবট ফোন ও ভাঁজযোগ্য গ্যাজেটের উত্থান
বার্সেলোনায় ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬’ শুরু হয়েছে প্রযুক্তির নতুন সম্ভাবনার সঙ্গে। প্রদর্শনী প্রাঙ্গণে নতুন স্মার্টফোন, ভাঁজযোগ্য গেমিং কনসোল এবং অভিনব কনসেপ্ট ল্যাপটপ ঘিরে দর্শক ও তরুণ প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এই আয়োজনের মাধ্যমে মোবাইল ও কম্পিউটার প্রযুক্তি এক নতুন মাত্রায় পৌঁছানোর আভাস পাওয়া গেছে।
রোবট ফোন
গত বছর ধারণা হিসেবে প্রদর্শিত অনরের রোবট ফোন এবার কার্যকর ইউনিট হিসেবে উন্মোচন করা হয়েছে। ফোনটির পেছনে রয়েছে ভাঁজযোগ্য গিম্বল-স্ট্যাবিলাইজড ক্যামেরা আর্ম, যা ব্যবহারের সময় বাইরে বের হয়ে আসে। প্রধান ক্যামেরায় রয়েছে ২০০ মেগাপিক্সেল সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্র্যাকিং সুবিধা। ফোনটি ব্যবহারকারীর দিক অনুযায়ী নিজেকে সামঞ্জস্য করতে পারে এবং অল-অ্যাঙ্গেল ভিডিও কল, মাথা নেড়ে সাড়া দেওয়া বা গানের তালে নাচের মতো বৈশিষ্ট্যও রয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে চীনে বাজারে আসার পরিকল্পনা রয়েছে।

ফোল্ড কনসেপ্ট
লেনোভো এনেছে লিজিয়ন গো ফোল্ড কনসেপ্ট। এটি ১১ দশমিক ৬ ইঞ্চির পিওএলইডি ডিসপ্লে বিশিষ্ট হ্যান্ডহেল্ড ডিভাইস, যা ভাঁজ করলে ৭ দশমিক ৭ ইঞ্চির গেমিং কনসোল হিসেবে ব্যবহার করা যায়। নিয়ন্ত্রণ যন্ত্র আলাদা করা যায়, এবং ভাঁজযোগ্য পর্দা ফোলিও কেসের সঙ্গে যুক্ত করে কিবোর্ড, ট্র্যাকপ্যাড ও স্ট্যান্ডসহ ছোট ল্যাপটপ হিসেবেও ব্যবহার সম্ভব।
অনর ম্যাজিক ভি৬
অনরের বই-স্টাইল ভাঁজ ফোন ম্যাজিক ভি৬-ও এ সময় উন্মোচন করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এটি বছরের দ্বিতীয়ার্ধে আসতে পারে, দাম এখনও ঘোষণা হয়নি। নতুন নকশা ও বড় স্ক্রিনের কারণে তরুণ ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে।
প্রযুক্তির বহুমুখী প্রবণতা
এইবারের এমডব্লিউসিতে দেখা গেছে, ডিভাইসগুলো শুধু শক্তিশালী নয়, আরও বহুমুখী ও ব্যবহারবান্ধব। একাধিক কাজের সুবিধা একক ডিভাইসে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, রোবট ফোন এবং ভাঁজযোগ্য নকশা আগামী দিনের মোবাইল ও গ্যাজেট বাজারের মূল চালিকাশক্তি হবে।
এখনও কয়েকদিন প্রদর্শনী চলবে, এবং আরও নতুন চমক ও ঘোষণার অপেক্ষা রয়েছে।
সূত্র : দ্য ভার্জ