ব্যস্তদের জন্য সময়সাশ্রয়ী মাইক্রোসফটের এআই সহকারী ‘কোপাইলট টাস্কস’
দৈনন্দিন ছোটখাটো কাজের চাপ কমাতে মাইক্রোসফট নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা উন্মোচন করেছে। ব্যস্ত ব্যবহারকারীরা এবার ই-মেইল, ছবি, নোট বা সাধারণ পরিকল্পনার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে। এটি ব্যবহারকারীর যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজস্ব ক্লাউডভিত্তিক কম্পিউটার ও ব্রাউজার ব্যবহার করে কাজ করবে।
মাইক্রোসফট জানিয়েছে, কোপাইলট টাস্কস-এ ব্যবহারকারী শুধু লিখে বা বলে নির্দেশ দিতে পারবেন। এটি একবারের কাজ, নির্দিষ্ট সময় অন্তর কাজ বা নির্ধারিত তারিখের কাজ সম্পন্ন করতে পারবে। কাজ শেষ হলে একটি বিস্তারিত প্রতিবেদনও তৈরি করে দেবে।
উদাহরণ হিসেবে, ইনবক্সে থাকা ই-মেইল, সংযুক্তি ও ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি স্লাইড উপস্থাপনা তৈরি করা যাবে। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন চিহ্নিত করে বাতিল করা, জরুরি ই-মেইল আলাদা করা এবং খসড়া উত্তর তৈরি করাও করা সম্ভব। এছাড়াও জন্মদিনের অনুষ্ঠান আয়োজন থেকে আমন্ত্রণপত্র তৈরি, নতুন ফ্ল্যাট খুঁজে দেখা এবং তা পরিদর্শনের সময় ঠিক করাও এই সেবার আওতায় রয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, অর্থ পরিশোধ বা অন্য কারও কাছে বার্তা পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজের আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়া হবে। অর্থাৎ স্বয়ংক্রিয়তা থাকলেও নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই। তবে কোপাইলট টাস্কস আপাতত গবেষণা পর্যায়ের প্রিভিউ হিসেবে সীমিতসংখ্যক পরীক্ষামূলক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত।
কোপাইলট টাস্কস-এর মাধ্যমে মাইক্রোসফট ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্য রাখছে। এটি ব্যবহারকারীদের কাজের চাপ কমিয়ে আরও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে সহায়তা করবে। নতুন এআই সেবার সঙ্গে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের কাজ সম্পন্ন করার অভিজ্ঞতা পাবেন।
সূত্র : দ্য ভার্জ