সপ্তাহে প্রায় ১ বিলিয়ন ব্যবহারকারী সক্রিয় থাকে চ্যাটজিপিটিতে
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এখন দ্রুত বদলে দিচ্ছে মানুষের কাজ ও শেখার ধরণ। পড়াশোনা থেকে শুরু করে লেখা, পরিকল্পনা ও নানা ধরনের সৃজনশীল কাজে ব্যবহার হচ্ছে এআই। এই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। ব্যবহারকারী বাড়তে থাকায় নতুন মাইলফলক ছুঁয়েছে প্ল্যাটফর্মটি।
ওপেনএআই জানিয়েছে, তাদের এআই চ্যাটবট চ্যাটজিপিটি এখন প্রতি সপ্তাহে ৯০০ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী পাচ্ছে। ফলে এক বিলিয়ন সাপ্তাহিক ব্যবহারকারীর মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে প্ল্যাটফর্মটি।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বর্তমানে চ্যাটজিপিটির অর্থপ্রদানকারী গ্রাহকের সংখ্যা প্রায় ৫০ মিলিয়ন।
এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, বছরের শুরুতেই নতুন গ্রাহক যুক্ত হওয়ার গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি তাদের ইতিহাসে নতুন গ্রাহক যুক্ত হওয়ার মাস হিসেবে চিহ্নিত হয়েছে।
ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, মানুষ এখন চ্যাটজিপিটি ব্যবহার করছে শেখা, লেখা, পরিকল্পনা করা এবং বিভিন্ন কিছু তৈরির কাজে। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে পণ্যটির উন্নতিও হচ্ছে দ্রুত। ব্যবহারকারীরা এখন দ্রুত সাড়া, বেশি নির্ভরযোগ্যতা, উন্নত নিরাপত্তা এবং আরও ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছেন।
নতুন পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় ব্যবহারকারী বেড়েছে প্রায় ১০০ মিলিয়ন। ২০২৫ সালের অক্টোবরে ওপেনএআই জানিয়েছিল, তখন চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ছিল ৮০০ মিলিয়ন।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ব্যক্তিগত বিনিয়োগ থেকে মোট ১১০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। এটি ইতিহাসের অন্যতম বড় বেসরকারি তহবিল সংগ্রহের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই বিনিয়োগের মধ্যে রয়েছে অ্যামাজন এর ৫০ বিলিয়ন ডলার। পাশাপাশি এনভিডিয়া এবং সফটব্যাংক প্রত্যেকে ৩০ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করেছে।
এই বিনিয়োগের ভিত্তিতে ওপেনএআইয়ের প্রি মানি মূল্যায়ন ধরা হয়েছে প্রায় ৭৩০ বিলিয়ন ডলার। বিনিয়োগ পর্বটি এখনো উন্মুক্ত রয়েছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে, ভবিষ্যতে আরও বিনিয়োগকারী এতে যুক্ত হবে।
সূত্র : টেকক্রাঞ্চ