বাড়তি নিরাপত্তা ও নতুন সুবিধা নিয়ে উন্মুক্ত আইওএস ২৬.৩ সংস্করণ
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ২৬.৩ উন্মুক্ত করেছে অ্যাপল। আকারে ছোট হলেও এতে রয়েছে বেশ কিছু কাজের নতুন সুবিধা।
তথ্য স্থানান্তর সহজ করা, অবস্থান গোপনীয়তা বাড়ানো এবং স্ক্রিন সাজানোর নতুন উপায় যুক্ত হয়েছে এতে। দৈনন্দিন ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে পরিবর্তনগুলো আনা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
নতুন হালনাগাদটি এখন সমর্থিত আইফোনে পাওয়া যাচ্ছে। আইফোন ১১ এবং এর পরের মডেলগুলোতে এটি ব্যবহার করা যাবে। মোবাইলের সেটিংস অংশে গিয়ে জেনারেল এবং পরে সফটওয়্যার হালনাগাদ নির্বাচন করলেই নতুন সংস্করণটি ইনস্টল করা যাবে। আগের মতোই ত্রুটি সংশোধন ও স্থিতিশীলতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে এ সংস্করণে।
স্ক্রিন সাজাতে নতুন ওয়ালপেপার
এই সংস্করণে স্ক্রিন সাজানোর সুবিধায় পরিবর্তন এসেছে। আগে আবহাওয়া ও মহাকাশভিত্তিক ওয়ালপেপার একসঙ্গে থাকলেও এখন আলাদা বিভাগ করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা নিজের পছন্দমতো লক স্ক্রিন সাজাতে পারবেন সহজে।
আবহাওয়া বিভাগের জন্য নতুন তিনটি প্রস্তুত নকশা যুক্ত হয়েছে। প্রতিটিতে ভিন্ন ফন্ট শৈলী ও উইজেট বিন্যাস রয়েছে। খুব কম পরিবর্তন করেই আইফোনের লক স্ক্রিনে নতুনত্ব আনা যাবে।
অবস্থান গোপনীয়তায় নতুন নিয়ন্ত্রণ
এই সংস্করণে যুক্ত হয়েছে ‘লিমিট প্রিসাইস লোকেশন’ নামের নতুন সুবিধা। এটি চালু করলে মোবাইল নেটওয়ার্কের সঙ্গে অবস্থান শেয়ার করার সময় নির্দিষ্ট ঠিকানা প্রকাশ পাবে না।
এর বদলে কেবল সাধারণ এলাকা দেখাবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের অবস্থান তথ্যের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন। তবে বন্ধুদের সঙ্গে সরাসরি অবস্থান ভাগাভাগি বা অবস্থান খোঁজার অন্যান্য সেবায় এর প্রভাব পড়বে না। নতুন মডেমযুক্ত নির্দিষ্ট কিছু আইফোন ও সেলুলার সুবিধাসম্পন্ন ট্যাবলেটে এটি ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েডে তথ্য পাঠানো সহজ
নতুন সংস্করণে অন্য প্ল্যাটফর্মে তথ্য পাঠানোর ব্যবস্থাও সহজ করা হয়েছে। সেটিংসের ভেতরে থাকা নতুন টুল ব্যবহার করে তারবিহীনভাবে ছবি, বার্তা, নোট ও বিভিন্ন তথ্য অন্য স্মার্টফোনে পাঠানো যাবে।
স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বা আগে যুক্ত থাকা কিছু আনুষঙ্গিক তথ্য স্থানান্তর হবে না। তবুও প্ল্যাটফর্ম বদলাতে আগ্রহী ব্যবহারকারীদের জন্য এটি বড় সহায়তা হবে।
ছোট নকশাগত পরিবর্তন, উন্নত গোপনীয়তা এবং ব্যবহারিক নতুন সুবিধা মিলিয়ে এই হালনাগাদ তরুণ ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলে মনে করা হচ্ছে।