গোলটেবিল বৈঠক
অনলাইন টিকিটিংয়ে সহজ ও নিরাপদ পেমেন্ট নিশ্চিতের তাগিদ
দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে অনলাইন টিকিটিংকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, বাস, ট্রেন, লঞ্চ, উড়োজাহাজ ও বিনোদনকেন্দ্রের টিকিট কেনায় ডিজিটাল লেনদেন সহজ ও নিরাপদ হলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হবেন সাধারণ মানুষ।
গতকাল (২৪ নভেম্বর) মঙ্গলবার রাজধানীতে বেঞ্চমার্ক পিআরের উদ্যোগে এবং অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজের সহযোগিতায় আয়োজিত ‘বেঞ্চমার্ক ডায়ালগ’-এ বক্তারা এসব কথা বলেন। ‘টিকিটিং ইজ দ্য গেটওয়ে টু ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক আলোচনায় ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, পেমেন্ট নেটওয়ার্ক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সহজের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মো. আমিনুল হক বলেন, দেশে অনলাইন পেমেন্টের ব্যবহার বাড়াতে টিকিটিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০১৪ সাল থেকে সহজ এ খাতের বিভিন্ন পক্ষকে নিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে।
আলোচনায় বক্তারা বলেন, ব্যাংক কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সহজে টিকিট কেনার সুযোগ থাকলে ডিজিটাল লেনদেনের অভ্যাস বাড়বে। এ ক্ষেত্রে তাৎক্ষণিক লেনদেন নিশ্চিতকরণ, নিরাপদ পেমেন্ট, ব্যর্থ লেনদেনের দ্রুত সমাধান এবং স্বচ্ছ অর্থ ফেরত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
বক্তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আন্তসংযোগ, যৌক্তিক লেনদেন খরচ, গ্রাহকের তথ্য ও অর্থের নিরাপত্তা এবং অভিযোগ নিষ্পত্তি সহজ করার ওপর গুরুত্ব দেন। প্রযুক্তিতে কম অভ্যস্ত মানুষ এবং ডিজিটাল আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকেও এ ব্যবস্থার আওতায় আনার পরামর্শ দেন তারা।
আলোচনায় আরও বলা হয়, ডিজিটাল টিকিটিং ও পেমেন্ট ব্যবস্থার সমন্বয় শুধু পরিবহন খাতেই নয়, সরকারি সেবা ও ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন বিভিন্ন লেনদেনেও নগদ অর্থের ব্যবহার কমাতে সহায়তা করতে পারে। এ জন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত নীতিমালা, গ্রাহক সচেতনতা এবং নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
আলোচনায় বিকাশ, নগদ, মাস্টারকার্ড বাংলাদেশ, টালিখাতা, ট্রাস্ট ব্যাংক, বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিসি, সেবা প্ল্যাটফর্ম, প্রাইম ব্যাংক ফিনটেক, বেসিস ও বিআইবিএমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।