যে ৫ সুবিধার ল্যাপটপ শিক্ষার্থীদের উপযোগী

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮

যে ৫ সুবিধার ল্যাপটপ শিক্ষার্থীদের উপযোগী
ছবি : মেক ইউজ অব

বিশ্ববিদ্যালয় জীবন মানেই নতুন অভিজ্ঞতা ও ব্যস্ততা। ক্লাস, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া কিংবা ক্যাম্পাসজুড়ে ছুটে চলার দিনে শিক্ষার্থীর সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠে একটি ভালো ল্যাপটপ। নোট নেওয়া, প্রেজেন্টেশন তৈরি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া কিংবা অনলাইন ক্লাসে যুক্ত থাকতে এমন একটি ডিভাইস দরকার, যা হবে হালকা, টেকসই এবং দীর্ঘ সময় ব্যবহারযোগ্য।

বাজারে ল্যাপটপ কিনতে গেলে চোখ ধাঁধানো বিজ্ঞাপন, রঙিন স্পেসিফিকেশন আর নানা অফারের ভিড়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। বাড়তি ফিচারের লোভে বা কম দামের টানে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিও থাকে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ বাছাইয়ে ৫টি মূল বৈশিষ্ট্য খেয়াল করলেই প্রয়োজনের সঙ্গে মানানসই ডিভাইস পাওয়া সম্ভব।

হালকা ও বহনযোগ্য

প্রতিদিনের ব্যাগে বই, নোটবুক, পানির বোতল আর চার্জারের সঙ্গে ভারী ল্যাপটপ যোগ হলে কষ্ট বাড়ে। তাই ল্যাপটপ হতে হবে হালকা ও সহজে বহনযোগ্য। বিশেষজ্ঞদের মতে, ২ থেকে ৩.৫ পাউন্ড ওজনের ল্যাপটপ শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সুবিধাজনক। আকারে ১৩ থেকে ১৪ ইঞ্চি হলে তা ব্যাগে সহজে ঢোকে এবং দীর্ঘ সময় ব্যবহারেও চোখে চাপ পড়ে না।

পরিষ্কার ফুল এইচডি ডিসপ্লে

দীর্ঘ সময় পড়াশোনা বা প্রজেক্টের কাজে পর্দার মান গুরুত্বপূর্ণ। ফুল এইচডি (১৯২০x১০৮০) রেজল্যুশনের ডিসপ্লে হলে লেখা, ছবি ও ভিডিও পরিষ্কার দেখা যায়। ৭২০পি রেজল্যুশন এখন আর কার্যকর নয়। যারা আরও ভালো অভিজ্ঞতা চান, তারা কিউএইচডি (২৫৬০x১৪৪০) ডিসপ্লে বেছে নিতে পারেন। তবে খুব বেশি রেজল্যুশন হলে ব্যাটারি দ্রুত শেষ হয়। উজ্জ্বলতার দিক থেকেও অন্তত ৩০০ নিটস থাকা ভালো। বাইরে বসে পড়াশোনা করলে ৪০০ নিটস উপযোগী।

ইউএসবি-সি চার্জিং সুবিধা

বর্তমান সময়ে ইউএসবি-সি চার্জিং প্রায় অপরিহার্য। এতে কম তার বহন করতে হয় এবং প্রয়োজনে অন্যের চার্জারেও ল্যাপটপ চালানো যায়। অন্তত ৪৫ ওয়াট ইউএসবি-সি চার্জিং থাকলে অল্প সময়েই ব্যাটারি ভরে যায়। থান্ডারবোল্ট পোর্ট থাকলে এক তারেই বড় মনিটর, এক্সটার্নাল স্টোরেজ বা দ্রুত ডেটা ট্রান্সফার সম্ভব হয়, যা ক্যাম্পাস জীবনে বাড়তি সুবিধা দেয়।

সারাদিন টিকে থাকার মতো ব্যাটারি

ক্যাম্পাসে সব সময় চার্জ দেওয়ার সুযোগ থাকে না। তাই ব্যাটারি লাইফ হতে হবে নির্ভরযোগ্য। অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা ব্যবহারযোগ্য ব্যাটারি প্রয়োজন। সাধারণভাবে ৭০ ওয়াট-ঘণ্টা ব্যাটারি থাকলে ভালো ফল পাওয়া যায়। তবে আধুনিক প্রসেসর থাকলে ৫০ ওয়াট-ঘণ্টার ব্যাটারিও কার্যকর হতে পারে। নতুন প্রজন্মের ইন্টেল কোর, এএমডি রাইজেন কিংবা অ্যাপলের এম-সিরিজ চিপ ব্যাটারি সাশ্রয়ে সহায়ক।

দ্রুতগতির ওয়াই-ফাই

ক্যাম্পাসের ভিড়ের মধ্যে স্থিতিশীল ইন্টারনেট সংযোগের জন্য আধুনিক ওয়াই-ফাই জরুরি। অন্তত ওয়াই-ফাই ৬ সমর্থিত ল্যাপটপ বেছে নেওয়া ভালো। ওয়াই-ফাই ৬ই বা ওয়াই-ফাই ৭ থাকলে ভবিষ্যতেও সুবিধা পাওয়া যাবে। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়েই উন্নত ওয়াই-ফাই প্রযুক্তি চালু রয়েছে, তাই এই সুবিধা শিক্ষার্থীদের দীর্ঘদিন কাজে লাগবে।

শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ বাছাইয়ের সময় বাহারি বিজ্ঞাপনের চেয়ে এই পাঁচটি বৈশিষ্ট্যকে গুরুত্ব দিলে পড়াশোনা ও দৈনন্দিন কাজ দুটোই হবে সহজ ও স্বাচ্ছন্দ্যের।

সূত্র: মেক ইউজ অব

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন