এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮

এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
ছবি : দ্য ভার্জ

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জীবন সহজ করা ছাড়াও এআই-এর ব্যবহার আরও অনেক ক্ষেত্রে দারুণ সুবিধা দেয়। তবে বর্তমান সময়ে এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেড়ে গেছে।

এই ধরনের ছবির মাধ্যমে প্রতারণা, বিভ্রান্তি এবং ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। তাই এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করার কৌশল জানা এখন সময়ের দাবি।

অস্বাভাবিক হাত ও আঙুল
এআই-তৈরি ছবিতে মানুষের হাত ও আঙুলে প্রায়ই অসামঞ্জস্য দেখা যায়। আঙুলের সংখ্যা ঠিক থাকে না, আকৃতি বিকৃত হয় বা অস্বাভাবিক বাঁক থাকে। এমনকি কখনো ছয়টি আঙুলও দেখা যায়, যা বাস্তব জীবনে সম্ভব নয়।

চোখে অদ্ভুততা
মানুষের চোখের প্রতিচ্ছবি স্বাভাবিকভাবে সূক্ষ্ম। কিন্তু এআই ছবি চোখের আকৃতি, রং বা মণির মাপে স্বাভাবিক হয় না। চোখে প্রতিচ্ছবি অনুপস্থিত বা চোখের চারপাশের ত্বক ও ভাঁজ অস্বাভাবিক থাকলেও বুঝতে হবে ছবিটি কৃত্রিম।

অসামঞ্জস্যপূর্ণ পটভূমি
এআই ছবিতে পটভূমি প্রায়ই অস্বাভাবিক বা পুনরাবৃত্তিমূলক হয়। রাস্তার দৃশ্যে গাছ, যানবাহন বা আলো বাস্তবের সঙ্গে মেলে না। অনেক সময় ছবির পটভূমি জোড়া লাগানো মনে হয়।

ঝাপসা ছোটখাটো উপাদান
এআই এখনও ছোট জিনিস নিখুঁতভাবে তৈরি করতে পারে না। চশমার ফ্রেম, কানের দুল, কাপড়ের নকশা বা ঘড়ির ডায়াল প্রায়ই ঝাপসা বা বিকৃত হয়। চুল, দাঁত বা মুখের ত্বকও অস্বাভাবিকভাবে মসৃণ দেখায়।

আলোর উৎস ও ছায়ার অসংগতি
ছবিতে আলোর উৎস এবং ছায়ার সমন্বয় বাস্তব জীবনের মতো না হলে সন্দেহ করা যায়। একই ছবিতে একাধিক ছায়া দেখা যায় বা ছায়ার আকৃতি অদ্ভুত হয়।

শনাক্তকরণ টুল
শুধু চোখে পর্যবেক্ষণ নয়, অনলাইন টুলও এআই ছবি চেনার জন্য ব্যবহার করা যায়। যেমন AIOrNot.com বা TinEye.com ছবি বিশ্লেষণ করে বলে দেয় এটি বাস্তব নাকি কৃত্রিমভাবে তৈরি।

সূত্র: পিসিম্যাক