ফোন নম্বর ছাড়াই জিমেইল অ্যাকাউন্ট ফিরে পাওয়ার উপায়

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

ফোন নম্বর ছাড়াই জিমেইল অ্যাকাউন্ট ফিরে পাওয়ার উপায়

বর্তমান ডিজিটাল যুগে জিমেইল অ্যাকাউন্ট হারানো মানে বড় এক বিপদে পড়া। আরও জটিল হয় যখন অ্যাকাউন্ট পুনরুদ্ধারের ফোন নম্বর বা ব্যাকআপ ই-মেইলটিও আর ব্যবহার করা যায় না। নিরাপত্তাজনিত কারণ হোক বা ভুলে যাওয়া পাসওয়ার্ড, এমন পরিস্থিতিতে গুগল ব্যবহারকারীদের জন্য কিছু বিকল্প উপায় রেখেছে, যাতে প্রয়োজনীয় যাচাই শেষে তারা নিজের অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

ডিভাইস যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট পুনরুদ্ধার

যদি আপনি আগের কোনো ডিভাইসে (যেমন মোবাইল বা কম্পিউটার) জিমেইলে লগ-ইন করে থাকেন, তাহলে সেই ডিভাইস থেকেই পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করতে পারেন। গুগল ওই ডিভাইসটিকে চিহ্নিত করবে এবং আপনাকে ভেরিফিকেশনের মাধ্যমে লগ-ইন করার সুযোগ দেবে। একইভাবে, সাম্প্রতিক লগ-ইন কার্যক্রম বা অবস্থান শনাক্ত করেও গুগল যাচাই করে নেয় আপনি প্রকৃত মালিক কিনা। এই পদ্ধতিতে কোনো ফোন নম্বর বা ব্যাকআপ ই-মেইল ছাড়াই সহজে অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব।

তবে যদি আপনি পুরোনো ডিভাইস বা লগ-ইন হিস্ট্রি ব্যবহার করতে না পারেন, তাহলে গুগল কিছু সময় নিয়ে আপনার তথ্য যাচাই করবে। পরিস্থিতি অনুযায়ী এই প্রক্রিয়া কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে।

ফোন নম্বর ছাড়াই পুনরুদ্ধারের ধাপগুলো

  • প্রথমে গুগল অ্যাকাউন্ট রিকভারি পেজে যান এবং আপনার জিমেইল ঠিকানাটি দিন।
  • ফোন নম্বর বা ব্যাকআপ ই-মেইল চাইলে ‘Try another way’ বা ‘অন্য উপায় চেষ্টা করুন’ অপশনটি নির্বাচন করুন।
  • এরপর নিরাপত্তা প্রশ্নের উত্তর দিন। অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে উত্তর দিয়েছিলেন, সেভাবেই উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ।

গুগলের সহায়তা চেয়ে আবেদন করা
উপরের পদ্ধতিগুলো কাজ না করলে গুগলে সরাসরি আবেদন করতে পারেন। অনেক সময় নিষ্ক্রিয় বা সাময়িকভাবে বন্ধ অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই পদ্ধতি কার্যকর হয়। আবেদন প্রক্রিয়ায় আপনাকে কিছু প্রমাণ দিতে হবে, যা দেখাবে যে অ্যাকাউন্টটি সত্যিই আপনার। যাচাই শেষে গুগল অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করে দেবে।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর অবিলম্বে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন এবং সেটি নিরাপদে সংরক্ষণ করুন। পাশাপাশি পুনরুদ্ধারের বিকল্প (যেমন নতুন ফোন নম্বর বা ব্যাকআপ ই-মেইল) আপডেট করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন ঝামেলায় পড়তে না হয়।

এই ধাপগুলো অনুসরণ করলে ফোন নম্বর বা ব্যাকআপ ই-মেইল ছাড়াই আপনি সহজেই নিজের জিমেইল অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া