গুগলের নতুন এআই সুবিধায় কথাই হবে কমান্ড
কথা বলেই জিমেইল, ডকস ও কিপে নানা কাজ করার সুযোগ চালু করেছে গুগল। নতুন এআই সুবিধাগুলো ব্যবহার করে স্বাভাবিকভাবে কথা বলে ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজা, নথির খসড়া তৈরি এবং এলোমেলো ভাবনা গুছিয়ে নোট বানানো যাবে। গুগলের জেমিনি অডিও মডেল কাজে লাগিয়ে এসব সুবিধা চালু করা হয়েছে।
জিমেইলে কথা বলে তথ্যের খোঁজ
গুগলের ব্লগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিমেইল লাইভ’ সুবিধায় ইনবক্সের দীর্ঘ কথোপকথন ঘেঁটে তথ্য খুঁজতে হবে না। ব্যবহারকারী প্রশ্ন করলেই ইনবক্সে থাকা ই-মেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য জানাবে এই সুবিধা।
উদাহরণ হিসেবে, নিজের উড়োজাহাজের ফ্লাইটের গেট নম্বর বা সন্তানের স্কুলে চলতি সপ্তাহের কার্যক্রম জানতে চাইলে জিমেইল লাইভ ইনবক্স থেকেই দ্রুত উত্তর দিতে পারবে।

গুগল ডকসে কথা বলেই নথি তৈরি
‘ডকস লাইভ’ ব্যবহার করে কোনো বিষয় নিয়ে কথা বললেই সেই ভাবনাগুলো গুছিয়ে নথির কাঠামো ও প্রথম খসড়া তৈরি করা যাবে। ব্যবহারকারীর অনুমতি থাকলে জিমেইল, ড্রাইভ, চ্যাট এবং ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্যও সংগ্রহ করতে পারবে এটি।
এলোমেলোভাবে ভাবনা বললেও ডকস লাইভ সেগুলো সাজিয়ে নথির কাঠামো তৈরি এবং লেখার ধরন পরিমার্জনে সহায়তা করবে।
গুগল কিপে মুখে বলেই তৈরি হবে নোট
দ্রুত কোনো ভাবনা বা প্রয়োজনীয় তথ্য লিখে রাখার জন্য ব্যবহৃত গুগল কিপেও যুক্ত হয়েছে কণ্ঠস্বরনির্ভর সুবিধা। ‘কিপ লাইভ’ ব্যবহার করে একটানা মুখে বলা কথাগুলোকে গুছিয়ে তালিকা ও নোটে পরিণত করা যাবে।
গুগল জানিয়েছে, নতুন এসব কথোপকথননির্ভর সুবিধা চলতি সপ্তাহ থেকে ধাপে ধাপে চালু হচ্ছে। জিমেইল ও কিপে সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকরা। ডকসে এটি প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য পাওয়া যাবে। ব্যবসায়িক গ্রাহকদের জন্য সুবিধাগুলো শিগগিরই চালু হবে।