নতুন আইফোনের সঙ্গে যে চমক দিতে পারে অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

নতুন আইফোনের সঙ্গে যে চমক দিতে পারে অ্যাপল

আগামী ৯ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল। এবারের আয়োজনে প্রথমবারের মতো ভাঁজ করা যায় এমন আইফোন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি নতুন এয়ারপডস, হোমপড ও আইফোন ১৮ সিরিজের কয়েকটি মডেলের ঘোষণাও আসতে পারে।

ভাঁজযোগ্য আইফোনে বড় চমক

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোনের নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’। দাম ২ হাজার ডলারের বেশি হতে পারে। ভাঁজ করা অবস্থায় এতে ৫ দশমিক ৫ ইঞ্চি এবং খুললে ৭ দশমিক ৮ ইঞ্চির পর্দা থাকার গুঞ্জন রয়েছে।

পাতলা নকশা ধরে রাখতে ফোনটিতে টেলিফটো ক্যামেরা না থাকার সম্ভাবনা রয়েছে। পেছনে মূল ক্যামেরা ও আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে দুটি ক্যামেরা থাকতে পারে। ম্যাগসেফ চার্জিং এবং পাশের বোতামে টাচ আইডি যুক্ত হওয়ারও গুঞ্জন রয়েছে।

একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহারের সুবিধা

ভাঁজযোগ্য আইফোনে পর্দার দুই অংশে একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহারের সুবিধা থাকতে পারে। তবে এটি আইপ্যাডের অপারেটিং সিস্টেমের বদলে আইফোনের আইওএসেই চলবে। ভাঁজের জায়গায় পর্দার দাগও অন্যান্য ভাঁজযোগ্য ফোনের তুলনায় কম দৃশ্যমান করার চেষ্টা করেছে অ্যাপল বলে ধারণা করা হচ্ছে।

আইফোন ১৮ সিরিজেও পরিবর্তন

এবারের আয়োজনে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন হতে পারে। তবে সাধারণ আইফোন ১৮ সেপ্টেম্বরে নাও আসতে পারে। সেটি আগামী বছরের বসন্তে বাজারে আসার সম্ভাবনা রয়েছে, যা অ্যাপলের জন্য নতুন ধরনের বাজার কৌশল হবে।

নতুন হোমপড ও ক্যামেরাযুক্ত এয়ারপডস

নতুন হোমপড নিয়েও ঘোষণা আসতে পারে। হোমপডে গুগলের জেমিনি প্রযুক্তিনির্ভর সিরি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া ক্যামেরাযুক্ত এয়ারপডস তৈরির কাজ করছে অ্যাপল বলে গুঞ্জন রয়েছে। এসব ক্যামেরা ছবি বা ভিডিও ধারণের বদলে সিরিকে আশপাশের বস্তু শনাক্ত করতে সহায়তা করতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এ প্রযুক্তি এয়ারপডসকে অ্যাপলের ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ সুবিধার সঙ্গে যুক্ত করতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন