অ্যান্ড্রয়েড ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিলেই আনলক হবে ল্যাপটপ
পাসওয়ার্ড টাইপ না করেই অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা মুখ শনাক্তকরণ ব্যবহার করে পিসি আনলক করা যায়। ‘পিসি বায়ো আনলক’ নামের উন্মুক্ত সংকেতের সফটওয়্যার ব্যবহার করে এই সুবিধা পাওয়া যাবে। উইন্ডোজ ও লিনাক্স পিসির লক স্ক্রিনে এটি ব্যবহার করা যায়।
ফোনেই দিতে হবে অনুমোদন
প্রথমে পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যুক্ত করতে হবে। কিউআর কোড স্ক্যান করে দুটি যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। এরপর পিসি আনলক করার সময় ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস শনাক্তকরণের মাধ্যমে অনুমোদন দিলেই হবে।
ইন্টারনেট ছাড়াই করা যাবে
ফোন ও পিসির মধ্যে যোগাযোগের জন্য ওয়াই-ফাই, স্থানীয় নেটওয়ার্ক বা ব্লুটুথ ব্যবহার করা যায়। ইন্টারনেট সংযোগ বা আলাদা কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। চাইলে একই পিসির সঙ্গে একাধিক ফোনও যুক্ত করা যায়।
পাসওয়ার্ড ফোনে যাবে না
নিরাপত্তার জন্য পিসির পাসওয়ার্ড ফোনে পাঠানো হয় না। পাসওয়ার্ড পিসিতেই এনক্রিপ্ট অবস্থায় থাকে এবং ফোনে থাকে সেটি ব্যবহারের প্রয়োজনীয় চাবি। ফোন ও পিসির মধ্যে আদান-প্রদান করা তথ্যও এনক্রিপ্ট করা থাকে।
ফোন কাছে না থাকলে
ফোনের মাধ্যমে পিসি আনলক করা সম্ভব না হলে স্বাভাবিক পাসওয়ার্ড ব্যবহার করে পিসিতে প্রবেশ করা যাবে। তাই ফোনভিত্তিক এই সুবিধা ব্যবহারের পাশাপাশি প্রচলিত পাসওয়ার্ডও সচল থাকে।