৮ জিবি র‌্যাম পিসির পারফরম্যান্স উন্নয়নে কাজ করছে মাইক্রোসফট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৪:২২

৮ জিবি র‌্যাম পিসির পারফরম্যান্স উন্নয়নে কাজ করছে মাইক্রোসফট

কম র‌্যামের পিসিতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। বিশেষ করে ৮ জিবি র‌্যামযুক্ত কম্পিউটারগুলোতে উইন্ডোজ ১১ যেন আরও দ্রুত ও স্থিতিশীলভাবে চলে, সে লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস বিভাগের প্রধান জানিয়েছেন, চলতি বছরজুড়ে ৮ জিবি র‌্যামের পিসিগুলোর জন্য মেমোরি অপ্টিমাইজেশন অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। অনেক ব্যবহারকারীই বর্তমানে এই কনফিগারেশনের পিসিতে ধীরগতির সমস্যায় ভোগেন, বিশেষ করে একাধিক অ্যাপ বা ব্রাউজার ট্যাব চালানোর সময়।

এই সমস্যা সমাধানে উইন্ডোজের মেমোরি ব্যবহারের ধরন আরও দক্ষ করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেমের মেমোরি ফুটপ্রিন্ট কমানো, অ্যাপ ও বিভিন্ন কম্পোনেন্টকে কম র‌্যাম ব্যবহার উপযোগী করে তোলা এবং সামগ্রিকভাবে পারফরম্যান্স বাড়ানো।

এছাড়া উইন্ডোজের ইউজার ইন্টারফেস কাঠামো উন্নত করা, ক্রোমিয়ামভিত্তিক উপাদান এবং ওয়েবভিউ কম্পোনেন্টগুলোর কার্যকারিতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে। এর ফলে কম র‌্যামেও অ্যাপগুলো আরও মসৃণভাবে চলবে বলে আশা করা হচ্ছে

শুধু পারফরম্যান্স নয়, নতুন পিসি সেটআপ প্রক্রিয়াকেও সহজ ও দ্রুত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবারভিত্তিক ব্যবহারকারীদের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা এবং ভয়েসভিত্তিক ফিচারকে আরও স্বাভাবিক ও কার্যকর করার দিকেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কম র‌্যামের পিসিতে ভালো পারফরম্যান্স নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোও কম হার্ডওয়্যারে উন্নত অভিজ্ঞতা দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ফলে মাইক্রোসফটের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের মতামত বিবেচনায় নিয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত এই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে

সূত্র : পিসিওয়ার্ল্ড

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন