ইন্টেল-এএমডি প্রসেসর সংকটে চীনের প্রযুক্তি বাজার

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২

ইন্টেল-এএমডি প্রসেসর সংকটে চীনের প্রযুক্তি বাজার
ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উত্থান বিশ্বজুড়ে চিপের বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করেছে। এআই অবকাঠামোয় বিনিয়োগ বাড়ায় হঠাৎ করেই বেড়েছে সার্ভার প্রসেসরের চাহিদা। এতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোও পড়েছে সরবরাহ সংকটে।

এই পরিস্থিতিতে চীনের গ্রাহকদের দীর্ঘ অপেক্ষার সতর্কতা দিয়েছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা ইন্টেল ও এএমডি। ফলে ক্লাউড কম্পিউটিং ও এআই খাতে নতুন চাপ তৈরি হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্ভার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ সরবরাহে বড় সংকটের কথা চীনের গ্রাহকদের জানিয়েছে ইন্টেল ও এএমডি। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ইন্টেলের কিছু সিপিইউ পেতে এখন সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সরবরাহ সীমাবদ্ধতার কারণে চীনে ইন্টেলের সার্ভার পণ্যের দাম সাধারণভাবে ১০ শতাংশের বেশি বেড়েছে। তবে গ্রাহকভেদে চুক্তির ভিত্তিতে দামে ভিন্নতা থাকতে পারে। অন্যদিকে এএমডিও তাদের গ্রাহকদের জানিয়েছে যে কিছু পণ্যের সরবরাহ পেতে এখন আট থেকে ১০ সপ্তাহ পর্যন্ত সময় লাগছে।

চীন ইন্টেলের জন্য একটি বড় বাজার। প্রতিষ্ঠানটির মোট আয়ের ২০ শতাংশের বেশি আসে দেশটি থেকে। সেখানে বিশেষ করে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের জিওন সিপিইউ তীব্র সংকটে রয়েছে। এসব মডেলের বিপুল অর্ডার জমে থাকলেও সরবরাহ সীমিত হওয়ায় কোম্পানিটি নির্দিষ্ট পরিমাণে পণ্য দিচ্ছে। ফলে অনেক অর্ডার এখনো পূরণ হয়নি এবং সরবরাহ সময় ছয় মাস পর্যন্ত বাড়ছে।

এআই অবকাঠামোয় বিনিয়োগ বেড়ে যাওয়াই এই সংকটের বড় কারণ। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডেটা সেন্টার ও সার্ভার তৈরিতে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। শুধু এআই চিপ নয়, মেমোরি চিপসহ অন্যান্য উপাদানের চাহিদাও বেড়েছে। মেমোরি চিপের দাম বাড়তে শুরু করলে অনেক গ্রাহক আগেভাগে সিপিইউ কিনে মজুত করতে শুরু করেন। এতে সংকট আরও তীব্র হয়েছে।

ইন্টেল জানিয়েছে, দ্রুত এআই গ্রহণের ফলে প্রচলিত কম্পিউটিং চিপের চাহিদা বেড়েছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মজুত সর্বনিম্ন পর্যায়ে থাকলেও দ্বিতীয় প্রান্তিক থেকে সরবরাহ পরিস্থিতি উন্নত হতে পারে।
এএমডিও বলেছে, শক্তিশালী চাহিদা সামাল দিতে তারা সরবরাহ সক্ষমতা বাড়িয়েছে এবং তাইওয়ানের টিএসএমসি অংশীদারিত্বের মাধ্যমে বৈশ্বিক বাজারে সরবরাহ বজায় রাখতে আত্মবিশ্বাসী।

বর্তমানে বৈশ্বিক সার্ভার সিপিইউ বাজারে ইন্টেল ও এএমডির আধিপত্য সবচেয়ে বেশি। ২০১৯ সালে ইন্টেলের বাজার অংশ ছিল ৯০ শতাংশের বেশি, যা ২০২৫ সালে কমে প্রায় ৬০ শতাংশে নেমেছে। একই সময়ে এএমডির অংশ ৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশের বেশি হয়েছে।

চীনে আলিবাবা ও টেনসেন্টের মতো বড় ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান এই সংকটে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষজ্ঞদের মতে, উন্নত এজেন্টিক এআই সিস্টেমের চাহিদা দ্রুত বাড়ায় প্রচলিত কাজের তুলনায় অনেক বেশি প্রসেসিং শক্তি প্রয়োজন হচ্ছে। ফলে সার্ভার প্রসেসরের ওপর চাপ আরও বাড়ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন