তরুণদের ব্যক্তিগত কথোপকথন গুছিয়ে রাখতে এক্স-এ নতুন সুবিধা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য বার্তা আদান-প্রদান হয়। গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো তাই অনেক সময় ইনবক্সের ভিড়ে হারিয়ে যায়। প্রয়োজনের সময় নির্দিষ্ট চ্যাট খুঁজে পাওয়া হয়ে ওঠে ঝামেলার। ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানেই নতুন সুবিধা যুক্ত করেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স।
ইলন মাস্কের মালিকানাধীন এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, ব্যক্তিগত যোগাযোগের জন্য ‘ডাইরেক্ট মেসেজ’ নতুন সুবিধা নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন। টুইট বা বিভিন্ন কনটেন্ট নিয়ে সরাসরি আলোচনা করাও সম্ভব।
এক্সে যে কাউকে ব্যক্তিগত কথোপকথনের জন্য বার্তা পাঠানো যায়, যদি তিনি আপনাকে অনুসরণ করেন। চাইলে গ্রুপ কথোপকথনও তৈরি করা যায়। আবার কেউ যদি যে কারও কাছ থেকে বার্তা গ্রহণের অপশন চালু রাখেন, তাহলে তাকে অনুসরণ না করলেও বার্তা পাঠানো সম্ভব। আগে কখনো বার্তা পাঠানো হয়ে থাকলে পরবর্তীতেও সেই ব্যবহারকারী ‘ডাইরেক্ট মেসেজ’ পাঠাতে পারেন।
এখন ব্যবহারকারীদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ ‘ডাইরেক্ট মেসেজ’ ‘পিন’ করার সুযোগ যুক্ত হয়েছে। এই সুবিধা চালু করলে পছন্দের কথোপকথন ইনবক্সের একদম ওপরে স্থায়ীভাবে রাখা যাবে। ফলে বারবার স্ক্রল করে খুঁজতে হবে না। গুরুত্বপূর্ণ চ্যাট সব সময় চোখের সামনে থাকবে।
একজন ব্যবহারকারী সর্বোচ্চ ছয়টি কথোপকথন ইনবক্সের শীর্ষে ‘পিন’ করে রাখতে পারবেন। ‘পিন’ করা কথোপকথনগুলো যে সিরিয়ালে ‘পিন’ করা হবে, সেই সিরিয়ালেই ওপর থেকে নিচে সাজানো থাকবে। এতে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ পরিচালনা করা আরও সহজ হবে।
‘ডাইরেক্ট মেসেজ’ পিন করতে প্রথমে এক্স অ্যাপ খুলে ডাইরেক্ট মেসেজ ইনবক্সে যেতে হবে। এরপর যে কথোপকথনটি পিন করতে চান সেটিতে প্রবেশ করতে হবে। সেখানে থাকা মোর আইকনে ট্যাপ বা ক্লিক করে পিন কনভারসেশন অপশন নির্বাচন করলেই সেটি ইনবক্সের ওপরে দেখা যাবে।
কোনো কথোপকথন পিন তালিকা থেকে সরাতে চাইলে একইভাবে ‘মোর’ আইকনে গিয়ে ‘আনপিন কনভারসেশন’ নির্বাচন করতে হবে। তখন সেটি আর পিন তালিকায় থাকবে না।
নতুন এই সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগকে আরও সংগঠিত ও সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তরুণদের জন্য দ্রুত যোগাযোগ ও গুরুত্বপূর্ণ বার্তা ব্যবস্থাপনায় এটি বেশ কার্যকর হবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া