স্পেনেও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ
স্পেন শিশু ও কিশোরদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার শিগগিরই নিষিদ্ধ করা হবে। এ নির্দেশনার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করা হবে উন্নত বয়স যাচাই প্রযুক্তি ব্যবহার করতে। স্পেনের এই উদ্যোগ বিশ্বজুড়ে অন্য দেশগুলোর নজর কাড়ছে, যা শিশুদের ওপর ডিজিটাল নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক হবে।
মঙ্গলবার দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী সানচেজ বলেন, বর্তমান ডিজিটাল পরিবেশ শিশুদের জন্য নিরাপদ নয়। ‘আমাদের সন্তানরা এমন এক ডিজিটাল পরিবেশে প্রবেশ করছে, যেখানে একা চলার কথা ছিল না। এখানে আসক্তি, নির্যাতন, পর্নোগ্রাফি, অপব্যবহার ও সহিংসতা রয়েছে। আমরা আর এই অবস্থা মেনে নেব না। আমরা তাদের ডিজিটাল ওয়াইল্ড ওয়েস্ট থেকে রক্ষা করব।’
প্রস্তাবিত আইনের আওতায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ বা বিদ্বেষমূলক কনটেন্ট দ্রুত অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে ফৌজদারি দায় আরোপ করা হবে। এছাড়া অ্যালগরিদম ব্যবহার করে অবৈধ কনটেন্টের প্রচার বা বিস্তার ত্বরান্বিত করলে ব্যক্তি ও প্ল্যাটফর্ম উভয়কেই দায়ী করা হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন,‘অ্যালগরিদমের মাধ্যমে অবৈধ কনটেন্ট প্রচার করা নতুন অপরাধ হিসেবে গণ্য হবে এবং ঘৃণামূলক কনটেন্টের জন্য দায় অবশ্যই থাকবে।’
সরকারি সূত্র জানায়, আগামী সপ্তাহে আইন প্রণয়নের কার্যক্রম শুরু হবে। হেট স্পিচ বা বিদ্বেষমূলক পোস্ট নিয়ন্ত্রণে নতুন পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো কীভাবে বিভাজন ও ঘৃণা উসকে দিচ্ছে তা তথ্যভিত্তিকভাবে বিশ্লেষণ করা হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্যও এমন বিধিনিষেধ বিবেচনা করছে। ফ্রান্স ও ডেনমার্ক ১৫ বছরের নিচের শিশুদের জন্য একই ধরনের সীমাবদ্ধতা ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্পেন পাঁচটি ইউরোপীয় দেশকে নিয়ে ‘ডিজিটালি সচেতন জোট’ গঠন করেছে, যা সীমান্ত অতিক্রম করে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। জোটের প্রথম বৈঠকও শিগগির অনুষ্ঠিত হবে।
সূত্র : রয়টার্স