বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এর অনলাইন নিবন্ধন শুরু

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এর অনলাইন নিবন্ধন শুরু

তথ্যপ্রযুক্তি খাতে অসামান্য অবদান ও উদ্ভাবনকে স্বীকৃতি জানাতে শুরু হয়েছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম। আয়োজন করছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে (https://awards.biin.org.bd/registration) নিবন্ধন করা যাবে।

এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে দেশীয় উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ও সৃজনশীল উদ্যোগগুলোকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হবে। বিজয়ীরা কেবল জাতীয় পর্যায়ের সম্মানই অর্জন করবেন না, পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও মনোনীত হবেন - যেখানে তারা বাংলাদেশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করবেন এবং দেশের জন্য নিয়ে আসবেন গৌরব।

অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য:

  • বাংলাদেশে উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করা
  • উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা
  • আন্তর্জাতিক মঞ্চে প্রযুক্তিগত উৎকর্ষতা প্রদর্শন করা
  • তথ্যপ্রযুক্তি খাতে নতুন মানদণ্ড স্থাপন ও ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেওয়া

অংশগ্রহণের জন্য নির্ধারিত বিভাগসমূহ:

১. কনজিউমার: মিডিয়া, বিনোদন, পর্যটন, বিপণন, ব্যাংকিং, রিয়েল এস্টেট, ডিজিটাল মার্কেটিং
২. কমিউনিটি সার্ভিস: স্বাস্থ্য, শিক্ষা, আঞ্চলিক সেবা, পরিবেশ, টেকসই উন্নয়ন
৩. ইন্ডাস্ট্রিয়াল: উৎপাদন, কৃষি, নির্মাণ, পরিবহন, জ্বালানি, টেলিকম
৪. বিজনেস সার্ভিস: ফিনটেক, আইসিটি, নিরাপত্তা, মার্কেটিং, প্রফেশনাল সেবা
৫. পাবলিক সেক্টর: সরকারি ও নাগরিক সেবা, ডিজিটাল গভর্নমেন্ট

শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যাটাগরি রয়েছে:
জুনিয়র স্টুডেন্টস: স্কুল পর্যায়
সিনিয়র স্টুডেন্টস: উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ
টারশিয়ারি স্টুডেন্টস: স্নাতক পর্যায়

এছাড়া, স্টার্টআপ ক্যাটাগরিতে তিন বছরের মধ্যে রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোম্পানিগুলো তাদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি পণ্য নিয়ে অংশ নিতে পারবে।

বিস্তারিত নির্দেশনা ও গাইডলাইন পাওয়া যাবে: https://awards.biin.org.bd/guidelines ঠিকানায়।
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরার এক অসাধারণ সুযোগ। তাই দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষার্থী এবং উদ্ভাবকদের এখনই নিবন্ধনের আহ্বান জানানো হচ্ছে।