স্মার্ট হোমের ব্যর্থতা কাটাতে নতুন উদ্যোগ অ্যাপলের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯

স্মার্ট হোমের ব্যর্থতা কাটাতে নতুন উদ্যোগ অ্যাপলের

বাসার বিভিন্ন স্মার্ট যন্ত্র নিয়ন্ত্রণের জন্য ‘হোমভিউ’ নামে নতুন একটি ডিভাইস আনতে যাচ্ছে অ্যাপল। আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিভাইসটি ঘোষণা করা হতে পারে। এতে থাকবে স্ক্রিন, এ১৮ চিপ ও সিরির মাধ্যমে নির্দেশ দেওয়ার সুবিধা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হোমভিউয়ের দুটি সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। এর একটি টেবিল বা কাউন্টারে রাখার উপযোগী, অন্যটি দেয়ালে লাগানো যাবে। ডিভাইসটির মাধ্যমে ব্যবহারকারীরা বাড়িতে থাকা অন্যান্য স্মার্ট যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন।

গত কয়েক বছর ধরেই অ্যাপলের নতুন স্মার্ট হোম ডিভাইস তৈরির খবর পাওয়া যাচ্ছিল। তবে এবার পণ্যটির নাম ও ঘোষণার সম্ভাব্য তারিখ জানা গেল। স্মার্ট হোম প্রযুক্তির বাজারে এটি অ্যাপলের সবচেয়ে বড় উদ্যোগ হতে পারে।

এর আগে স্মার্ট হোম যন্ত্র নিয়ন্ত্রণের সফটওয়্যার হোমকিট এবং হোমপড স্মার্ট স্পিকার দিয়ে বাজারে উল্লেখযোগ্য সাফল্য পায়নি অ্যাপল। নতুন হোমভিউয়ের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অ্যাপল আরও দুটি ডিভাইসের হালনাগাদ সংস্করণ ঘোষণা করতে পারে। সেগুলো হলো অ্যাপল টিভি সেট-টপ বক্স এবং হোমপড মিনি স্মার্ট স্পিকার।

এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে গুরম্যান জানিয়েছিলেন, স্মার্ট লক, তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র বা থার্মোস্ট্যাট এবং ভিডিও ডোরবেল তৈরির জন্য এলজির সঙ্গে অংশীদারত্বের পরিকল্পনা করছে অ্যাপল। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্মার্ট হোমের বাজারে অ্যাপলের পণ্যের পরিসর আরও বাড়তে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন