বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে পুরস্কৃত ২১ উদ্যোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:০২

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে পুরস্কৃত ২১ উদ্যোগ

দেশের ২১টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে গত ১০ অক্টোবর রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬। ১৩টি ক্যাটাগরিতে ১৩টি উদ্যোগ উইনার এবং ৮টি উদ্যোগ অনারেবল মেনশন স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে আর্থিক প্রযুক্তির মাধ্যমে সেবার মান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দেশের ডিজিটাল আর্থিক খাতে অবদান রাখা উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ বছর পুরস্কারের জন্য ২০৭টি মনোনয়ন জমা পড়ে। চারটি গ্র্যান্ড জুরি প্যানেল ধাপে ধাপে মনোনয়নগুলো মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ফিনটেক উদ্ভাবনের সাফল্য নির্ভর করে মানুষ ও ব্যবসার জীবনে তা কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তার ওপর। আর্থিক সেবাকে সহজলভ্য, নির্ভরযোগ্য ও কার্যকর করতে কাজ করা উদ্যোগগুলোর স্বীকৃতি নতুন উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট। এতে ব্যাংকিং ও ফিনটেক খাতের কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং শিক্ষাবিদেরা অংশ নেন। সামিটে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, নিরাপদ আর্থিক অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকের আস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সামিটে দুটি কিনোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, একটি এক্সপার্ট ডিপ ডাইভ, একটি ইনসাইট সেশন ও একটি কেস স্টাডি অনুষ্ঠিত হয়। কিনোট বক্তাদের মধ্যে ছিলেন ট্রান্সফাই গ্লোবালের চিফ ব্যাংকিং অ্যান্ড নেটওয়ার্ক অফিসার নওশাদ হুসেইন এবং জিএক্সব্যাংক ও জিএক্সএস ব্যাংকের আঞ্চলিক পণ্য বিভাগের প্রধান খুয়ান ইউ লি.। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ব্যাংকিং, নগদবিহীন লেনদেন, আন্তসংযুক্ত আর্থিক সেবা, নিরাপত্তা এবং দায়িত্বশীল উদ্ভাবনের নীতিমালা উঠে আসে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন