অ্যানথ্রপিকের দুই এআই মডেলে যত পার্থক্য

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯

অ্যানথ্রপিকের দুই এআই মডেলে যত পার্থক্য

ফেবল ৫ ও মাইথস ৫-এর পর নতুন সংস্করণের দুই এআই মডেল ফেবল ৫.১ ও মাইথস ৫.১ এনেছে অ্যানথ্রপিক। মডেল দুটি একই প্রযুক্তির ওপর তৈরি হলেও নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে বড় পার্থক্য। ফেবল ৫.১ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলেও মাইথস ৫.১ কেবল নির্দিষ্ট বিজ্ঞানী ও সাইবার নিরাপত্তা গবেষকদের ব্যবহারের জন্য রাখা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ফেবল ৫.১ ক্লড প্রো ও ম্যাক্স গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে। অন্যদিকে মাইথস ৫.১ সাধারণ সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যায় না। মাইথস ৫.১ মূলত একই মডেলের তুলনামূলক কম বিধিনিষেধযুক্ত সংস্করণ, যাতে যাচাই করা গবেষকেরা সংবেদনশীল গবেষণায় উন্নত সক্ষমতাগুলো ব্যবহার করতে পারেন।

গবেষণায় দুই মডেলের সক্ষমতা

ফেবল ৫.১-এর সক্ষমতার উদাহরণ হিসেবে অ্যানথ্রপিক জানিয়েছে, নাসার ৩০ বছর পুরোনো রাডার তথ্য ব্যবহার করে শুক্র গ্রহের উচ্চ রেজল্যুশনের ভূপ্রকৃতির মানচিত্র তৈরি করতে পেরেছে মডেলটি। ২০ কিলোমিটার পর্যন্ত ঝাপসা থাকা ছবিকে ২ কিলোমিটার পর্যায়ের বিস্তারিত ছবিতে উন্নীত করা হয়েছে।

অন্যদিকে মাইথস ৫.১ কম্পিউটেশনাল জীববিজ্ঞানে ব্যবহৃত জিনোমবিষয়ক মডেলের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের কোড নতুন করে লিখে কাজের গতি সর্বোচ্চ আড়াই গুণ বাড়াতে পেরেছে। সাইবার নিরাপত্তা ও জীববিজ্ঞানের মতো সংবেদনশীল গবেষণায় মাইথস ৫.১-এর ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

নিরাপত্তায় বড় পার্থক্য

দুই মডেলের মূল পার্থক্য তাদের নিরাপত্তা ব্যবস্থায়। অ্যানথ্রপিকের পরিকল্পনা অনুযায়ী, বৈধ গবেষণার কাজে যেন নিরাপত্তাব্যবস্থা অযথা বাধা না দেয়, সে জন্য মাইথস ৫.১-এর কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে বিপজ্জনক সক্ষমতা অননুমোদিত ব্যবহারকারীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

ফেবল ৫.১-এও নিরাপত্তাব্যবস্থার উন্নতি করা হয়েছে। বৈধ সাইবার নিরাপত্তা গবেষণায় ভুলভাবে সতর্কতা দেখিয়ে কাজ আটকে দেওয়ার হার প্রায় ৬০ শতাংশ কমেছে বলে জানিয়েছে অ্যানথ্রপিক। ফলে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার মতো প্রতিরক্ষামূলক কাজে মডেলটি আরও কার্যকর হয়েছে।

ফেবল ৫.১ ব্যবহারের খরচ

ফেবল ৫.১ বিনা মূল্যের ক্লড পরিকল্পনায় পাওয়া যায় না। প্রো গ্রাহকদের জন্যও এর ব্যবহার নির্ধারিত মাসিক ব্যবহারের সীমার মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের দাম ১০ ডলার এবং আউটপুট টোকেনের দাম ৫০ ডলার। তবে ক্যাশড ইনপুট টোকেনের দাম ১ ডলার থেকে কমিয়ে ২৫ সেন্ট করা হয়েছে। ফলে কাজের ধরন অনুযায়ী আগের সংস্করণের তুলনায় ব্যবহার ব্যয় ২৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কমতে পারে

মাইথস ৫.১ সাধারণ সাবস্ক্রিপশনের মাধ্যমে পাওয়া যায় না। নির্দিষ্ট যাচাই করা গবেষক ও প্রতিষ্ঠানের জন্য এর প্রবেশাধিকার দেওয়া হচ্ছে।

ব্যবসায়িক তথ্যের নিরাপত্তা

ব্যবসায়িক গ্রাহকদের তথ্য সুরক্ষায় নতুন ‘এন্টারপ্রাইজ ফ্রন্টিয়ার সেফগার্ডস’ ব্যবস্থাও চালু করছে অ্যানথ্রপিক। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবে। নতুন নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার আগ পর্যন্ত যোগ্য ব্যবসায়িক গ্রাহকদের তথ্য সংরক্ষণ না করার সুবিধাও দেওয়ার কথা জানিয়েছে অ্যানথ্রপিক।

সব মিলিয়ে ফেবল ৫.১ সাধারণ ব্যবহার, কোড লেখা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত। আর মাইথস ৫.১ একই মূল মডেলের তুলনামূলক কম বিধিনিষেধযুক্ত সংস্করণ, যা বিশেষ করে সাইবার নিরাপত্তা ও জীববিজ্ঞানের মতো সংবেদনশীল গবেষণায় যাচাই করা ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন