বাংলাদেশে গুগলের অফিস স্থাপনের আহ্বান বিটিআরসির

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫

বাংলাদেশে গুগলের অফিস স্থাপনের আহ্বান বিটিআরসির

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনারের সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে গুগলের বিভিন্ন সেবা সম্প্রসারণ, পেমেন্ট ব্যবস্থা চালু এবং অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন গুগল প্রতিনিধি।

এ সময় গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, বাংলাদেশি প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং স্থানীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে আলাদা সেবা চালুর সম্ভাবনা জানতে চাইলে গুগল প্রতিনিধি আগ্রহ প্রকাশ করেন এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার কথা জানান।

বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন কাইল গার্ডনার।

সাক্ষাতে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিটিআরসি। পাশাপাশি গুগল প্ল্যাটফর্ম ব্যবহার করে বেটিং, জুয়া বা অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন বিটিআরসি চেয়ারম্যান।

এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর কারিগরি ব্যবস্থা চালুরও আহ্বান জানান তিনি। বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়টিও গুগল প্রতিনিধিকে অবহিত করা হয়।

সভায় সরকারের বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে গুগলের সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদারের পরামর্শ দেয় বিটিআরসি। গুগলের পাবলিক পলিসি প্রধান কাইল গার্ডনার এ মতামতকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মো. কামরুল হাসান মামুন এবং উপপরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন