এআইয়ের পরামর্শে পাহাড়ে গিয়ে বিপদে তিন তরুণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্তায় পাহাড়ে ওঠার পরিকল্পনায় গুগলের এআই সেবা জেমিনির পরামর্শ নিয়ে বিপদে পড়েছেন তিন তরুণ। পরে তাদের উদ্ধার করেন বন বিভাগের উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা। সিসকিউ কাউন্টি শেরিফের দপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শিকাগো ট্রিবিউন।
শেরিফের কার্যালয় জানায়, তিন তরুণ ভোর ৩টায় পাহাড়ে ওঠা শুরু করেন। সাধারণত দুপুরের মধ্যে চূড়ায় পৌঁছাতে না পারলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়। তবে তারা সেই পরামর্শ না মেনে সন্ধ্যা ৭টায় চূড়ায় পৌঁছান।
এরপর অন্ধকারের মধ্যে নিচে নামার চেষ্টা করে সমস্যায় পড়েন তারা। পথের দিকনির্দেশনা জানতে শেরিফের কার্যালয়ে ফোনও করেন। পরে মাড ক্রিক ক্যানিয়নে রাত কাটান। পরদিন সকালে বন বিভাগের উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা তাদের উদ্ধার করেন।
শেরিফের কার্যালয় জানিয়েছে, জেমিনি তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম খাবার ও পানি সঙ্গে নিতে পরামর্শ দিয়েছিল। তিন তরুণের পরিকল্পনা ছিল প্রায় ৮ ঘণ্টার মধ্যে পাহাড়ে ওঠা ও নামা শেষ করা। কিন্তু শেষ পর্যন্ত তাদের অভিযান কয়েক দিনের ঘটনায় পরিণত হয়।
তবে এই বিপদের জন্য জেমিনিকে পুরোপুরি দায়ী করা যায় কি না, তা নিশ্চিত নয়। স্থানীয় শেরিফের কার্যালয় ভ্রমণের আগে ইউএস ফরেস্ট সার্ভিসের মাউন্ট শাস্তা রেঞ্জার স্টেশনে যোগাযোগ করে সর্বশেষ তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে শুধু এআইয়ের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে তারা।