উইন্ডোজ ১১-তে আসছে বয়স যাচাইয়ের নতুন সুবিধা
ব্যবহারকারীর বয়স যাচাই করে নিবন্ধিত অ্যাপকে সেই তথ্য জানানোর নতুন সুবিধা আনছে মাইক্রোসফট। উইন্ডোজ ১১-তে ‘উইন্ডোজ এজ এপিআই’ নামে ব্যবস্থা যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীর বয়সের শ্রেণি জানতে পারবে। তবে ব্যবহারকারীর সঠিক বয়স বা জন্মতারিখ অ্যাপকে জানানো হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বয়সের তথ্য কয়েকটি শ্রেণিতে ভাগ করে দেখানো হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের কম, ১০ থেকে ১২, ১৩ থেকে ১৫, ১৬ থেকে ১৭ এবং ১৮ বছরের বেশি। পাশাপাশি ব্যবহারকারীর বয়স স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, সেই তথ্যও অ্যাপ জানতে পারবে।
এত দিন বয়স যাচাইয়ের জন্য অ্যাপগুলো ক্রেডিট কার্ডের তথ্য, তৃতীয় পক্ষের পরিচয় যাচাই ব্যবস্থা বা ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের ওপর নির্ভর করত। অনেক ক্ষেত্রে শুধু ব্যবহারকারী ১৮ বছর বা তার বেশি বয়সী কি না, সেটিও জানতে চাওয়া হতো। এসব পদ্ধতিতে বয়স নিশ্চিতভাবে যাচাই করা কঠিন।
নতুন ব্যবস্থায় বয়স যাচাই প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে চায় মাইক্রোসফট। কোনো অ্যাপ ব্যবহারকারীর বয়স জানতে চাইলে মূলত দুটি তথ্য পাওয়া যাবে, তিনি কোন বয়সের শ্রেণিতে রয়েছেন এবং তার বয়স স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না।
তবে সব অ্যাপ এই সুবিধা ব্যবহার করতে পারবে না। মাইক্রোসফটের ‘ডিজিটাল সেফটি’ ব্যবস্থা আগে অ্যাপটি নিবন্ধিত কি না এবং বয়স যাচাইয়ের তথ্য জানার অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করবে। ফলে যেকোনো অ্যাপ ইচ্ছামতো ব্যবহারকারীর বয়স জানতে পারবে না।
উইন্ডোজ এসডিকে-তে ‘উইন্ডোজ এজ এপিআই’-এর নথি প্রকাশ করা হলেও এখনো উইন্ডোজ ১১-তে এটি সক্রিয় করা হয়নি। কবে সুবিধাটি চালু হবে তা মাইক্রোসফট জানায়নি। তবে ২০২৬ সালের শেষ নাগাদ এটি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।