বিজ্ঞাপন ঠেকাতে আইফোনে ফায়ারফক্সের নতুন সুবিধা
আইফোনে ওয়েবসাইট ব্যবহারের সময় বিজ্ঞাপন ও ট্র্যাকার ঠেকাতে নতুন সুবিধা চালু করেছে ফায়ারফক্স। মোজিলার এই বিল্ট-ইন সুবিধা বেশির ভাগ তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও ট্র্যাকার ওয়েবপেজ লোড হওয়ার আগেই আটকে দেবে। এতে মোবাইল ডেটা খরচ কমার পাশাপাশি ওয়েবসাইটও তুলনামূলক পরিচ্ছন্ন থাকবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর আইফোনের জন্য ফায়ারফক্সে বিজ্ঞাপন বন্ধের সুবিধাটি চালু করেছে মোজিলা। এ জন্য অ্যাপলের ওয়েবকিট কনটেন্ট ব্লকার প্রযুক্তি ও ইজিলিস্ট ফিল্টার ব্যবহার করা হয়েছে।
এই সুবিধা ব্যবহার করতে আলাদা কোনো এক্সটেনশন ইনস্টল করতে হবে না। ফায়ারফক্সের সেটিংস থেকে ‘ব্রাউজিং’ অপশনে গিয়ে ‘অ্যাড ব্লকার’ চালু করলেই বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লক করা যাবে। চাইলে ওয়েবসাইট ব্রাউজ করার সময় সাইট মেনু থেকেও সুবিধাটি চালু বা বন্ধ করা যাবে।
তবে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ হবে না। কোনো ওয়েবসাইট সরাসরি যে বিজ্ঞাপন দেখায় এবং সার্চ ফলাফলে প্রদর্শিত বিজ্ঞাপনগুলো আগের মতোই দেখা যাবে। ফায়ারফক্সে নতুন ট্যাব খোলার সময় প্রদর্শিত স্পনসরড শর্টকাট ও অন্যান্য স্পনসরড কনটেন্টও ব্লক হবে না।
আইফোনে ফায়ারফক্সে এবারই প্রথম বিল্ট-ইন বিজ্ঞাপন ব্লকার যুক্ত হলো। তবে ব্রেভ, ভিভালদি ও অপেরার মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী ব্রাউজারে আগে থেকেই আইফোনের জন্য এ ধরনের সুবিধা রয়েছে।