এআই নিয়ন্ত্রণে কড়াকড়ি চায় না যুক্তরাষ্ট্র

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯

এআই নিয়ন্ত্রণে কড়াকড়ি চায় না যুক্তরাষ্ট্র

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণে নতুন করে কঠোর বিধি না করার জন্য জি২০ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পরামর্শ, নতুন প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে আলাদা করে আইন না করে প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে নীতিমালা তৈরি করা হোক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত জি২০ প্রযুক্তিবিষয়ক বৈঠকে দেশটির প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা মাইকেল ক্র্যাটসিওস এ আহ্বান জানান। জি২০ হলো বিশ্বের বড় অর্থনীতিগুলোর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক জোট, যেখানে বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে সদস্য দেশগুলো আলোচনা করে।

বৈঠকে ক্র্যাটসিওস এআইয়ের জন্য নতুন করে কঠোর নিয়ন্ত্রণ না এনে, প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে নিয়ম তৈরির একটি নীতিগত কাঠামো ‘ক্যারোলাইনা প্রিন্সিপলস’ গ্রহণের প্রস্তাব দেন। এই নীতিতে এআইয়ের জন্য সম্পূর্ণ নতুন বিধি তৈরি না করে প্রযুক্তিটির নতুন বা ব্যতিক্রমী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিয়ম তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মৌলিক গবেষণা বাড়ানো এবং নতুন প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর কথাও বলা হয়েছে।

ক্র্যাটসিওসের মতে, নীতিনির্ধারকদের প্রতিটি নতুন প্রযুক্তিকে আলাদা ও সম্পূর্ণ নতুন নীতিগত সমস্যা হিসেবে দেখা উচিত নয়। বরং বিদ্যমান কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজন অনুযায়ী নীতিমালা তৈরি করা যেতে পারে।

যুক্তরাষ্ট্রের এই অবস্থান দেশটির বড় এআই প্রতিষ্ঠানগুলোর স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এসব প্রতিষ্ঠান নতুন মডেল তৈরির গতি কমে যাওয়া বা নিরাপত্তার কারণে পণ্যে বড় পরিবর্তন আনার মতো কঠোর সরকারি বিধিনিষেধ এড়িয়ে চলতে চায়। নতুন নিয়ম তাদের ব্যবসা ও মুনাফায় প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

মাইকেল ক্র্যাটসিওস জানিয়েছেন, চীনও ‘ক্যারোলাইনা প্রিন্সিপলস’-এ সমর্থন দিয়েছে। তবে তিনি নীতিটির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করেননি। বৈঠকে চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইন হেজুনও অংশ নেন।

এদিকে বৈঠকে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাও এআই নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিস এআই ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষা চালুর পক্ষে মত দেন। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ উন্মুক্ত-ওজনের এআই মডেলের ওপর বিধিনিষেধ না দেওয়ার আহ্বান জানান।

স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি নিয়ন্ত্রণের সমালোচনা করে বলেন, ‘অতিরিক্ত বিধিনিষেধ প্রযুক্তির অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে।’ একই সঙ্গে এআইয়ের ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ চাহিদা মেটাতে নতুন জ্বালানি উৎস তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে এআই খাতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতাও বৈঠকে গুরুত্ব পেয়েছে। চীনের উন্মুক্ত-ওজনের এআই মডেলগুলো দ্রুত সক্ষমতা বাড়াচ্ছে, যা যুক্তরাষ্ট্রের এআই নেতৃত্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এ পরিস্থিতিতে বিশ্বকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখার বিষয়টিও ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জি২০-সংশ্লিষ্ট আরও কয়েকটি বৈঠক আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে মায়ামিতে জি২০ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন