ক্যানভার বিকল্প এআইনির্ভর ডিজাইন টুল এনেছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ক্যানভার বিকল্প এআইনির্ভর ডিজাইন টুল এনেছে গুগল

ক্যানভা ও অ্যাডোবির মতো ডিজাইন প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এআইনির্ভর নতুন ডিজাইন টুল ‘গুগল পিকস’ চালু করেছে গুগল। টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুলটি দিয়ে ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই বিভিন্ন ধরনের ছবি ও ভিজ্যুয়াল তৈরি করা যাবে।

গুগল পিকস মূলত ছবি তৈরি ও সম্পাদনার জন্য তৈরি একটি এআই টুল। এতে ব্যবহারকারী নিজে ডিজাইন করার বদলে প্রয়োজনীয় নির্দেশনা বা প্রম্পট লিখে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল তৈরি করতে পারবেন।

গুগলের ন্যানো বানানা ইমেজ জেনারেশন মডেলের মাধ্যমে পরিচালিত হবে টুলটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অধিকাংশ গুগল ওয়ার্কস্পেস গ্রাহক এবং গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য এটি চালু করা হবে।

কাজের পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনেও গুগল পিকস ব্যবহার করা যাবে। পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বিভিন্ন ভিজ্যুয়াল ও ইলাস্ট্রেশন তৈরির মতো সাধারণ ডিজাইনের কাজ করা যাবে এতে।

ক্যানভায় সাধারণত ব্যবহারকারী টেমপ্লেট, গ্রাফিকস, ছবি ও অন্যান্য উপাদান বেছে নিয়ে নিজের মতো করে নকশা তৈরি করেন। বিপরীতে গুগল পিকসের মূল ধারণা হলো, ব্যবহারকারী কী চান তা লিখে দিলেই এআই সেই অনুযায়ী নকশা তৈরি করবে।

গুগল পিকসের লক্ষ্য হলো নিজে ডিজাইন করার পরিবর্তে এআইয়ের মাধ্যমে প্রয়োজনীয় ভিজ্যুয়াল তৈরি করা।

টুলটিতে শুধু ছবি তৈরির সুবিধাই থাকছে না। নির্দিষ্ট কোনো বস্তুকে আলাদা করে পরিবর্তন করা, ছবির ভেতরের লেখা সম্পাদনা বা অন্য ভাষায় রূপান্তর এবং বিভিন্ন উপায়ে ছবি পরিবর্তনের সুবিধাও থাকবে।

একই ছবির একাধিক সংস্করণ তৈরির সুবিধাও পাওয়া যাবে। ফলে ব্যবহারকারী তৈরি হওয়া বিভিন্ন ডিজাইন দেখে নিজের পছন্দের সংস্করণটি বেছে নিতে পারবেন।

এ ছাড়া গুগল পিকসে একাধিক ব্যক্তি মিলে একই ডিজাইনে কাজ করার সুবিধা থাকবে। অর্থাৎ দলগতভাবে ছবি বা ভিজ্যুয়াল তৈরির কাজও করা যাবে।

প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেসের ডকস ও স্লাইডসে যুক্ত হবে গুগল পিকস। পরে গুগল ড্রাইভেও টুলটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের এই উদ্যোগ এআইনির্ভর সৃজনশীল সফটওয়্যারের বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে পারে। বিশেষ করে সহজে ভিজ্যুয়াল তৈরির ক্ষেত্রে ক্যানভা ও অ্যাডোবির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাইছে গুগল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন