অ্যান্ড্রয়েডে নতুন ৫ সুবিধা আনছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬

অ্যান্ড্রয়েডে নতুন ৫ সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ফোনে পাঁচ নতুন সুবিধা আনছে গুগল। এর মধ্যে রয়েছে চলন্ত গাড়িতে ফোন ব্যবহারে অস্বস্তি কমানো, দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা এবং গুরুত্বপূর্ণ জিনিস কোথায় রাখা হয়েছে তা মনে রাখার সুবিধা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধাগুলোর কয়েকটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি ব্যবহার করা হয়েছে।

নতুন সুবিধাগুলোর মধ্যে ‘মোশন অ্যাসিস্ট’ অন্যতম। চলন্ত গাড়িতে ফোন ব্যবহারের সময় পর্দায় একটি বাবল (বুদবুদ) নড়াচড়া করবে। গাড়ির গতির সঙ্গে এর নড়াচড়া মিলিয়ে শরীর ও চোখের অনুভূতির অসামঞ্জস্য কমানোর চেষ্টা করা হবে।

মোশন অ্যাসিস্ট স্বয়ংক্রিয়ভাবে চালু করা যাবে। কুইক সেটিংস থেকেও এটি নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি বাবলের আকার, রং ও স্বচ্ছতা পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যান্ড্রয়েড ১৭ ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন।

দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিশক্তির মানুষের জন্য ‘গাইডেড ভিশন’ সুবিধা আনছে গুগল। ফোনের ক্যামেরা ও জেমিনি ব্যবহার করে ছোট লেখা পড়া, অন্ধকারে মেনু দেখা এবং আশপাশের বস্তু শনাক্ত করা যাবে।

ক্যামেরা সঠিকভাবে ধরা না হলে ব্যবহারকারীকে কণ্ঠস্বরের মাধ্যমে ফোন সরানো বা কোনো বস্তুকে মাঝখানে আনার নির্দেশও দেবে গাইডেড ভিশন। অ্যান্ড্রয়েড ৯ ও পরবর্তী সংস্করণে জেমিনি চালু থাকা দেশগুলোতে এটি পাওয়া যাবে

গুরুত্বপূর্ণ জিনিস কোথায় রাখা হয়েছে, তা মনে রাখতেও জেমিনিকে ব্যবহার করা যাবে। ফাইন্ড হাবের ‘রিমেম্বারড আইটেমস’ বিভাগে কোনো জিনিসের অবস্থান সংরক্ষণ করা যাবে। যেমন, পাসপোর্ট শোবার ঘরের ড্রয়ারে রাখা হয়েছে জানালে সেটি সেখানে সংরক্ষিত থাকবে। চাইলে ছবিও যুক্ত করা যাবে।

এ ছাড়া গুগল মেসেজেসে গুগল কিপ যুক্ত হচ্ছে। ফলে কথোপকথনের মধ্যেই বাজারের তালিকা, ভ্রমণের নোটসহ বিভিন্ন তথ্য ভাগাভাগি ও সম্পাদনা করা যাবে।

গুগল মেসেজেসে আলাদা কথোপকথনের জন্য পটভূমি, ছবি ও রং পরিবর্তনের সুবিধাও আসছে। বার্তার বুদ্‌বুদের রংও স্বয়ংক্রিয়ভাবে পটভূমির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।

চলন্ত গাড়িতে ফোন ব্যবহারের অস্বস্তি কমানোর একই ধরনের সুবিধা অ্যাপল ২০২৪ সালে ‘ভেহিকল মোশন কিউস’ নামে আইফোনে চালু করেছিল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন