অ্যান্ড্রয়েড ফোনে হঠাৎ ‘পালস’ অ্যাপ আসার কারণ জানাল গুগল
অ্যান্ড্রয়েড ফোনে হঠাৎ নতুন একটি অ্যাপ দেখা যাচ্ছে। নাম অ্যান্ড্রয়েড পালস। কেন এটি ফোনে দেখা যাচ্ছে এবং কী কাজ করে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম বিজিআর।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে গুগল অ্যান্ড্রয়েড ফোনে এটি যুক্ত করা শুরু করেছে। গুগল প্লে স্টোরের তথ্য বলছে, অ্যাপটি কয়েক দিন আগে প্রকাশিত হলেও এরই মধ্যে ১ কোটির বেশি বার ডাউনলোড হয়েছে।
এটি আসলে নতুন কোনো অ্যাপ নয় বলে জানিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড অথরিটিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পালস আগে থেকেই অ্যান্ড্রয়েডের একটি সিস্টেম সেবা হিসেবে চালু ছিল। সাম্প্রতিক হালনাগাদে সেটি ফোনের সেটিংসে দৃশ্যমান করা হয়েছে। সেবাটি চলতি বছরের মার্চ থেকেই চালু থাকার তথ্য পাওয়া গেছে।
পিক্সেল ফোনে পালস দেখতে যেতে হবে সেটিংস > গুগল সার্ভিসেস > অল সার্ভিসেস > প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি > সিস্টেম সার্ভিসেস বিভাগে। গুগলের সিস্টেমে সেবাগুলো আলাদাভাবে হালনাগাদ হতে পারে। এ কারণেই ব্যবহারকারীরা কিছু ইনস্টল না করেও হঠাৎ পালস দেখতে পাচ্ছেন।
গুগল প্লে স্টোরের তথ্য অনুযায়ী, পালস বিভিন্ন অ্যাপের তথ্য ও কার্যকারিতা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে। তবে এসব তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা হয় না।
পালস মূলত অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন সম্পদ ব্যবহারের ওপর নজর রাখতে সহায়তা করে বলে জানা গেছে। এর মধ্যে ব্যাটারি খরচ, মেমোরি ব্যবহার এবং প্রসেসরের কার্যক্রম পর্যবেক্ষণ অন্যতম। কোনো অ্যাপ প্রয়োজনের তুলনায় বেশি সম্পদ ব্যবহার করলে তা শনাক্ত করতেও এই ব্যবস্থা কাজে আসতে পারে।
অ্যান্ড্রয়েডে এ ধরনের নজরদারি ব্যবস্থা অবশ্য নতুন নয়। অপারেটিং সিস্টেমটি আগে থেকেই অ্যাপের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, সাড়া না দেওয়া, অতিরিক্ত ব্যাটারি খরচ ও মেমোরি ব্যবহারের মতো সমস্যার তথ্য পর্যবেক্ষণ করে।

পালস বন্ধ করারও আপাতত প্রয়োজন নেই। গুগলের সতর্কতা অনুযায়ী, সিস্টেম সেবা বন্ধ করলে ফোনের কিছু সুবিধা ঠিকমতো কাজ নাও করতে পারে। ফোনে ক্ষতিকর সফটওয়্যার নিয়ে সন্দেহ থাকলে পালস বন্ধ করার বদলে গুগল প্লে প্রোটেক্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও কঠোর নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েডের অ্যাডভান্সড প্রোটেকশন সুবিধাও ব্যবহার করা যায়। সব মিলিয়ে, হঠাৎ ফোনে পালস দেখা গেলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। এটি মূলত অ্যান্ড্রয়েডের সিস্টেম সেবার অংশ হিসেবেই কাজ করছে।