চীনা গাড়ি নির্মাতাদের নজর এবার মানবসদৃশ রোবটে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১২:৫৫

চীনা গাড়ি নির্মাতাদের নজর এবার মানবসদৃশ রোবটে

গাড়ির পাশাপাশি মানবসদৃশ রোবট তৈরিতে বড় বিনিয়োগ করছে চীনের বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। টেসলার রোবট তৈরির উদ্যোগ অনুসরণ করে তারা এ খাতে নতুন সম্ভাবনা দেখছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে রোবটকে জটিল কাজ শেখানোর সুযোগ তৈরি হওয়ায় এ আগ্রহ আরও বেড়েছে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

চীনের গাড়ি নির্মাতা এক্সপেংয়ের রোবট বিভাগ সম্প্রতি ৯০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে। এতে বিভাগটির মূল্য দাঁড়িয়েছে ৬৩০ কোটি ডলারের বেশি। আইডিজি ক্যাপিটালের নেতৃত্বে এ বিনিয়োগে গাওরং ভেঞ্চারস, টেনসেন্ট ও আলিবাবাও অংশ নিয়েছে। এক্সপেংয়ের দাবি, চীনের দেহভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একক দফায় এটিই সবচেয়ে বড় বেসরকারি বিনিয়োগ।

চেরি অটোমোবাইলের রোবট বিভাগ আইমোগা চলতি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি শুরু করেছে বলে রয়টার্স জানিয়েছে। বিওয়াইডিও ‘শিয়াও দি’ নামের মানবসদৃশ রোবট উন্মোচন করেছে। চাংআন, জিএসি, লি অটো, এসএআইসি ও সেরেসও এ ধরনের রোবট তৈরিতে কাজ করছে।

বিশ্লেষক মাইকেল ডান বলেন, চীনা গাড়ি নির্মাতাদের মধ্যে এক্সপেং টেসলার উদ্যোগ সবচেয়ে কাছ থেকে অনুসরণ করছে। তাঁর মতে, গাড়ির ব্যবসায় ভবিষ্যতে মুনাফা কমে যেতে পারে, কিন্তু রোবটের বাজারে সম্ভাবনা বেশি। এক্সপেংয়ের প্রতিষ্ঠাতা হে শিয়াওপেং ও সহসভাপতি ব্রায়ান গু নিজেদের অর্থও রোবট বিভাগে বিনিয়োগ করেছেন। সাম্প্রতিক বিনিয়োগ পর্বে তাঁরা প্রায় ১০ কোটি ডলার দিয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

এক্সপেংয়ের তৈরি ‘আয়রন’ রোবটের লক্ষ্য বাণিজ্যিক ব্যবহার। চীনা গাড়ি নির্মাতাদের বড় সুবিধা হলো তাদের শক্তিশালী উৎপাদন সক্ষমতা ও যন্ত্রাংশ তৈরির অবকাঠামো। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তারা টেসলার সঙ্গে কতটা প্রতিযোগিতা করতে পারবে, সেটিই বড় প্রশ্ন।

চীনের বাইরে অ্যাজিলিটি রোবটিকস, অ্যাপট্রনিক ও ফিগারের মতো প্রতিষ্ঠানও মানবসদৃশ রোবট তৈরিতে কাজ করছে। হুন্দাইয়ের মালিকানাধীন বোস্টন ডায়নামিকস চলতি বছর জর্জিয়ার একটি কারখানায় ‘অ্যাটলাস’ ব্যবহারের পরিকল্পনা করেছে। ২০২৮ সালের মধ্যে যন্ত্রাংশ সাজানোর মতো কাজে রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে তাদের।

অ্যাটলাসের উন্নয়নে হুন্দাই গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ডের সঙ্গে কাজ করছে। এ বছর যুক্তরাষ্ট্রে ‘রোবট মেটাপ্ল্যান্ট অ্যাপ্লিকেশন সেন্টার’ও চালু করছে প্রতিষ্ঠানটি। সেখানে রোবটকে ওঠানো, ঘোরানোসহ বিভিন্ন শারীরিক কাজ শেখানো হবে।

গাড়ি খাতের আরও প্রতিষ্ঠানও রোবটের বাজারে ঢুকছে। গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী মোবাইলআই চলতি বছরের শুরুতে ৯০ কোটি ডলারে মানবসদৃশ রোবট নির্মাতা মেন্টি রোবটিকসকে কিনেছে। রিভিয়ানও ‘মাইন্ড রোবটিকস’ নামে আলাদা প্রতিষ্ঠান গড়ে রোবট নিয়ে কাজ করছে। তবে তাদের রোবট অন্য প্রতিষ্ঠানগুলোর মতো মানবসদৃশ হবে না বলে জানা গেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন