যুক্তরাষ্ট্রে গুগলের পিক্সেল ইভেন্ট ১২ আগস্ট
গুগল তাদের বহুল আলোচিত ‘মেড বাই গুগল’ লঞ্চ ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে আগামী ১২ আগস্ট, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য প্রকাশ হয়। প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশা, এবারের আয়োজন গত বছরের তুলনায় আরও সংযত ও পণ্যকেন্দ্রিক হবে।
ইতোমধ্যে আসন্ন পিক্সেল ১১ সিরিজ নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। দ্য ভার্জ ও ব্লুমবার্গসহ একাধিক মাধ্যমের পাওয়া আমন্ত্রণপত্র অনুযায়ী, নতুন ডিভাইসগুলোতে ডিজাইনে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে পিক্সেল ১১-এ নতুন গোল্ড রঙের সংস্করণ যুক্ত হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
ফাঁস হওয়া তথ্য বলছে, বেস মডেলের পিক্সেল ১১-এ পাতলা বেজেল এবং আকর্ষণীয় কালো ক্যামেরা বার থাকতে পারে। অন্যদিকে পিক্সেল ১১ প্রো আগের সংস্করণের তুলনায় কিছুটা পাতলা হতে পারে। এছাড়া পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলে নতুনভাবে নকশা করা ক্যামেরা বাম্প এবং আরও হালকা গড়নের ইঙ্গিত মিলেছে।
তবে সম্ভাব্য একটি নেতিবাচক দিকও উঠে এসেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল নতুন মডেলগুলোতে ১২৮ জিবি স্টোরেজ অপশন বাদ দিতে পারে এবং ২৫৬ জিবি থেকেই শুরু করতে পারে, যা ডিভাইসের দাম বাড়িয়ে দিতে পারে।
গত বছর ২০ আগস্ট আয়োজিত একই ইভেন্টে গুগল পিক্সেল ১০ সিরিজ, এআই-নির্ভর বিভিন্ন আপডেট, নতুন ফোল্ডেবল ফোন, পিক্সেল ওয়াচ ৪ এবং এ-সিরিজের দ্বিতীয় প্রজন্মের ইয়ারবাড উন্মোচন করেছিল।