অবসরে যাচ্ছেন ‘ইন্টারনেটের জনক’ ভিন্টন সার্ফ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১ জুলাই ২০২৬, ১১:৩২

অবসরে যাচ্ছেন ‘ইন্টারনেটের জনক’ ভিন্টন সার্ফ
ছবি : টেকক্রাঞ্চ

প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ‘ইন্টারনেটের জনক’ ভিন্টন সার্ফ আগামী সপ্তাহে গুগলের দায়িত্ব ছাড়ছেন। এর মধ্য দিয়ে কয়েক দশকজুড়ে বিস্তৃত এক গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে।

লাউড ইনস্টিটিউট আয়োজিত ওপেন ফ্রন্টিয়ার সম্মেলনে ভিডিও সংযোগে অংশ নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের অধ্যাপক ডেভ প্যাটারসন সার্ফের অবসরের বিষয়টি জানান। তিনি বলেন, গুগলে দুই দশকের বেশি সময় কাজের পর সার্ফ বিদায় নিচ্ছেন। এ সময় উপস্থিতদের করতালিতে সম্মান জানানো হয় তাকে।

৮৩ বছর বয়সী সার্ফ এবং তার সহকর্মী রবার্ট কান আধুনিক ইন্টারনেটের ভিত্তি গড়ে দেওয়া নেটওয়ার্কিং প্রোটোকলের উদ্ভাবক হিসেবে স্বীকৃত। ১৯৭০-এর দশকে তাদের তৈরি টিসিপি-আইপি প্রযুক্তি বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পরের সঙ্গে যুক্ত করে। আজকের ইন্টারনেটের ভিত্তি গড়ে ওঠে এই প্রযুক্তির ওপর। এই অবদানের জন্য তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, টুরিং অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা পেয়েছেন।

২০০৫ সাল থেকে গুগলে ভাইস প্রেসিডেন্ট ও ‘চিফ ইন্টারনেট ইভানজেলিস্ট’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সার্ফ। সম্মেলনে তিনি ওপেন সোর্সভিত্তিক দীর্ঘস্থায়ী সফটওয়্যার নির্মাণ নিয়ে কথা বলেন। প্যানেলে তার সঙ্গে ছিলেন কেরাস লাইব্রেরির নির্মাতা ও এনডিয়ার সহপ্রতিষ্ঠাতা ফ্রাঁসোয়া শোলে, স্ট্যানফোর্ডের জন ওস্টারহাউট এবং ডেটাব্রিকসের সহপ্রতিষ্ঠাতা মাতেই জাহারিয়া।

আলোচনায় অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে উন্নত এআই মডেলের কেন্দ্রীভবন নিয়ে উদ্বেগ উঠে আসে।

সার্ফ মনে করেন, এআই এজেন্টের উত্থান প্রযুক্তিকে আবার মানসম্মত ও আন্তঃসংযোগযোগ্য প্রোটোকলের দিকে নিয়ে যাবে। ভিন্ন উৎসের একাধিক এআই এজেন্ট একসঙ্গে কাজ করতে গেলে সমন্বয় ও মান নির্ধারণ জরুরি হয়ে উঠবে।

তিনি বলেন, কেবল প্রাকৃতিক ভাষার ওপর নির্ভর করলে বিভ্রান্তির ঝুঁকি থাকবে। এআই এজেন্টদের মধ্যে নির্ভুল বোঝাপড়ার জন্য আরও কাঠামোবদ্ধ ভাষা বা নির্দিষ্ট মান প্রয়োজন। ‘টেলিফোন গেম’-এর উদাহরণ দিয়ে তিনি বলেন, বার্তা একাধিক স্তর পেরোলে বদলে যেতে পারে, এআইয়ের ক্ষেত্রেও এমন ঝুঁকি রয়েছে।

একটি হালকা মুহূর্তে প্যাটারসন বলেন, ১৯৭০-এর দশকে শিক্ষার্থী থাকাকালে তিনি সার্ফকে সবসময় পরিপাটি পোশাকে দেখেছেন। জবাবে সার্ফ বলেন, আলাদা করে নজরে আসতেই তিনি ভিন্নভাবে পোশাক পরতে পছন্দ করতেন।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন