চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫:৫৪

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে চীনা প্রযুক্তি পণ্যের ওপর আরও কঠোর হচ্ছে নিষেধাজ্ঞা। নতুন সিদ্ধান্তে শুধু নতুন নয়, পুরোনো মডেলের যন্ত্রপাতিও আমদানির বাইরে চলে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জুলাইয়ের শুরুতেই কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন(এফসিসি) শুক্রবার (২৬ জুন) জানায়, তারা চীনা কয়েকটি প্রতিষ্ঠানের তৈরি সরঞ্জাম আমদানিতে আরও বেশি নিষেধাজ্ঞা দিচ্ছে। এর মাধ্যমে ২০২২ সালে আরোপিত নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করা হলো। তখন নতুন মডেলের টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি যন্ত্রপাতির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

নতুন সিদ্ধান্তে হুয়াওয়ে, জেডটিই, হাইটেরা, হিকভিশন এবং দাহুয়ার পুরোনো মডেলের যন্ত্রপাতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পণ্য জননিরাপত্তা, সরকারি স্থাপনার সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নজরদারিতে ব্যবহৃত হওয়ায় ঝুঁকির কথা উল্লেখ করেছে সংস্থাটি।

তবে ইতোমধ্যে ব্যবহারকারীদের হাতে থাকা যন্ত্রপাতি ব্যবহার চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন। একই সঙ্গে তারা বলেছে, যোগাযোগ খাতে ঝুঁকি কমাতে এই পদক্ষেপ জরুরি।

এর আগে চীনা প্রযুক্তি লক্ষ্য করে আরও কয়েকটি পদক্ষেপ নেয় সংস্থাটি। গত ডিসেম্বরে নতুন মডেলের চীনা ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্চে চীনে তৈরি নতুন রাউটার আমদানি বন্ধ করা হয়। তবে আগের মডেলগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এদিকে সংস্থাটি আরও বিবেচনা করছে, যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ অপারেটরদের সঙ্গে চীনা কোম্পানিগুলোর সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কি না। এমন হলে যুক্তরাষ্ট্রে চীনা টেলিকম প্রতিষ্ঠানের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন