এআই অবকাঠামো সহজলভ্য করতে এনভিডিয়ার নতুন পরিকল্পনা
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তার দ্রুত বাড়ছে। তবে উচ্চক্ষমতার কম্পিউটিং অবকাঠামোর উচ্চ খরচ এখনো বড় বাধা। এই বাস্তবতায় এআই অবকাঠামো সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে এনভিডিয়া।
অস্ট্রেলিয়ার ফার্মাস টেকনোলজিসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তুলনামূলক কম খরচে এআই কম্পিউটিং সেবা দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এতে বিশেষ করে ছোট ও নতুন এআই কোম্পানিগুলো উপকৃত হবে।
এনভিডিয়া জানিয়েছে, এই চুক্তির আওতায় ফার্মাস টেকনোলজিস তাদের অবকাঠামো কিনে এনভিডিয়া চালিত ক্লাউড সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। এতে হার্ডওয়্যার বিক্রির পাশাপাশি ক্লাউড সেবার আয় থেকেও অংশ পাবে এনভিডিয়া।
চুক্তি অনুযায়ী ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে ২০২৮ সালের শুরুর মধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ স্থাপন করবে ফার্মাস। এই অবকাঠামো ইন্দোনেশিয়ার বাতাম অঞ্চলে গড়ে তোলা হবে।
ফার্মাস জানিয়েছে, গ্রাহকদের অঙ্গীকারের ভিত্তিতে এই চুক্তির প্রথম ছয় বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত আয় হতে পারে। এর লক্ষ্য বড় প্রতিষ্ঠানের মতো সুবিধা ছোট এআই কোম্পানিগুলোর কাছেও পৌঁছে দেওয়া।
প্রতিষ্ঠানটির সহ প্রধান নির্বাহী কর্মকর্তা টিম রোজেনফিল্ড বলেন, বড় প্রতিষ্ঠানগুলো উন্নত ক্রেডিট সুবিধার কারণে কম খরচে প্রযুক্তি ব্যবহার করতে পারে। নতুন এই উদ্যোগ সেই ব্যবধান কমাবে এবং নতুন কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ দেবে।
এর আগেও এনভিডিয়া ফার্মাস টেকনোলজিসে বিনিয়োগ করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রায় ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে এবং ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে।
বিশ্বজুড়ে এআই প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় উচ্চক্ষমতার জিপিইউ অবকাঠামোর প্রয়োজনও দ্রুত বাড়ছে। নতুন এই অংশীদারত্ব সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।