আইফোন ব্যবহারে গতি আনবে আইওএস ২৭-এর স্মার্ট ফিচার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৩

আইফোন ব্যবহারে গতি আনবে আইওএস ২৭-এর স্মার্ট ফিচার
ছবি : টেকক্রাঞ্চ

অ্যাপলের ডেভেলপার সম্মেলনে সিরির বড় এআই আপডেটই শিরোনাম হয়েছিল। তবে এর বাইরে নীরবে আরও অনেক ব্যবহারিক এআই ফিচার যোগ করছে অ্যাপল, যা আইফোন ব্যবহারকে করবে আরও সহজ ও বুদ্ধিমান। নতুন আইওএস ২৭ সংস্করণে এসব ফিচার ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে।

আইওএস ২৭-এ অ্যাপল মূলত এমন এআই ফিচার আনছে, যা আলাদা করে চোখে না পড়লেও দৈনন্দিন কাজে বড় পরিবর্তন আনবে। আলাদা কোনো চ্যাটবটের ওপর নির্ভর না করে, ব্যবহারকারীর পরিচিত অ্যাপ ও সেবার মধ্যেই এআই যুক্ত করা হয়েছে।

রেস্তোরাঁয় বিল ভাগ করা সহজ

রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে খাওয়ার পর বিল ভাগ করা অনেক সময় ঝামেলার হয়। নতুন আপডেটে বিলের ছবি তুললেই এআই নিজে থেকে খাবারের তালিকা, পরিমাণ, ট্যাক্স ও টিপ শনাক্ত করবে। এরপর যে যার অংশ বেছে নিয়ে সহজেই টাকা পরিশোধ করা যাবে।

পাসওয়ার্ড নিরাপত্তায় স্বয়ংক্রিয় ব্যবস্থা

ডেটা ফাঁসের ঝুঁকি বাড়ায় পাসওয়ার্ড নিরাপত্তা এখন বড় উদ্বেগ। আইওএস ২৭-এ এআই দুর্বল বা ফাঁস হওয়া পাসওয়ার্ড শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে আরও শক্তিশালী পাসওয়ার্ডে আপডেট করতে পারবে।

মেসেজে এক ট্যাপে স্মার্ট সাজেশন

বন্ধু কিছু আনতে বললে সেটি রিমাইন্ডারে যোগ করার প্রস্তাব, ছবি চাওয়ায় উপযুক্ত ছবি সাজেস্ট করা বা কোনো মিটিংয়ের কথা উঠলে ক্যালেন্ডারে যোগ করার অপশন এখন এক ট্যাপে পাওয়া যাবে।

কলের সময় প্রয়োজনীয় তথ্য সামনে

কাস্টমার কেয়ারে ফোন করলে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা ঝামেলার হতে পারে। নতুন ফিচারে ই-মেইল থেকে তথ্য নিয়ে সরাসরি কল স্ক্রিনেই দেখাবে, যেমন বুকিং কোড।

স্বাভাবিক ভাষায় ক্যালেন্ডার ইভেন্ট তৈরি

এখন আর আলাদা করে ফর্ম পূরণ করতে হবে না। সাধারণ ভাষায় বললেই এআই সময়, স্থান ও অংশগ্রহণকারীর তথ্য বুঝে ক্যালেন্ডারে ইভেন্ট তৈরি করবে।

শর্টকাটস আরও সহজ

আগে শর্টকাটস ব্যবহার কিছুটা জটিল ছিল। এখন শুধু কী করতে চান তা বললেই এআই নিজে থেকেই অটোমেশন তৈরি করে দেবে, যেমন অফিস ছাড়ার সময় স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানো।

স্মার্ট হোম নোটিফিকেশন কমাবে বিরক্তি

একাধিক কাজের জন্য আলাদা আলাদা নোটিফিকেশনের বদলে এখন একটি সারাংশ নোটিফিকেশন দেখাবে, যেমন কেউ বাসায় এসেছে।

সাফারিতে স্বয়ংক্রিয়ভাবে ট্যাব সাজানো

একাধিক ওয়েবসাইট খোলা থাকলে এআই সেগুলো বিষয়ভিত্তিক গ্রুপে সাজিয়ে দেবে, যেমন ভ্রমণ সংক্রান্ত সব ট্যাব এক জায়গায়।

এসব ছোট ছোট ফিচারের সমন্বয়েই অ্যাপলের এআই কৌশল স্পষ্ট হচ্ছে। এটি শুধু ভার্চুয়াল সহকারী নয়, বরং পুরো সফটওয়্যারকে আরও স্মার্ট করে তোলার প্রচেষ্টা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন