জিমেইলের ফ্রি স্টোরেজ কমানোর পরিকল্পনায় গুগল
গুগল নতুন জিমেইল অ্যাকাউন্টের জন্য বিনামূল্যের স্টোরেজ সীমা কমানোর পরীক্ষা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ১৫ জিবি ফ্রি স্টোরেজ কমে ৫ জিবি করা হতে পারে। নতুন এই নীতি কার্যকর হলে নতুন ব্যবহারকারীদের জন্য গুগলের ফ্রি স্টোরেজ সুবিধায় বড় পরিবর্তন আসবে।
এই পরিবর্তন মূলত নতুন সাইনআপ করা অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ৫ জিবির বেশি স্টোরেজ ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের ফোন নম্বর যাচাই করতে হতে পারে বলে জানানো হয়েছে। গুগল জানিয়েছে, নির্দিষ্ট কিছু অঞ্চলে নতুন অ্যাকাউন্ট সেটআপ নিয়ে এই পরীক্ষা চালানো হচ্ছে।
প্রতিষ্ঠানটির মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো স্টোরেজ সেবা আরও নিরাপদ করা এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধার প্রক্রিয়া উন্নত করা। ফোন নম্বর যাচাইয়ের মাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও অপব্যবহার কমানো যাবে বলেও ধারণা করা হচ্ছে।
তবে প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি ব্যবহারকারীদের গুগলের পেইড ক্লাউড স্টোরেজ সেবা গুগল ওয়ানে যুক্ত করার একটি প্রচেষ্টাও হতে পারে। বর্তমানে গুগল বিভিন্ন পেইড প্ল্যানের সঙ্গে এআই সুবিধা যুক্ত করে নতুন সাবস্ক্রিপশন মডেল বাড়াচ্ছে।
প্রাথমিকভাবে এই পরিবর্তন কিছু নির্দিষ্ট অঞ্চলে, বিশেষ করে আফ্রিকার কয়েকটি দেশে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অঞ্চলে এটি চালু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
২০০৪ সালে জিমেইল চালুর সময় ব্যবহারকারীরা ১ জিবি ফ্রি স্টোরেজ পেতেন। পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়িয়ে ২০১৩ সালে ১৫ জিবিতে উন্নীত করা হয়, যখন গুগল ড্রাইভ, জিমেইল ও অন্যান্য পরিষেবা একত্রিত করে একক স্টোরেজ সিস্টেম চালু করে।
বিশেষজ্ঞদের মতে, ফ্রি স্টোরেজ কমানোর এই পদক্ষেপ গুগলের নতুন এআইভিত্তিক পরিষেবা ও সাবস্ক্রিপশন মডেলকে আরও শক্তিশালী করতে পারে।