ধর্মঘটের আশঙ্কায় স্যামসাং নিয়ে সতর্ক দক্ষিণ কোরিয়া

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৭ মে ২০২৬, ১৩:৩১

ধর্মঘটের আশঙ্কায় স্যামসাং নিয়ে সতর্ক দক্ষিণ কোরিয়া
ছবি : রয়টার্স

সম্ভাব্য শ্রমিক ধর্মঘট ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ঘিরে শ্রমিক অসন্তোষ বাড়তে থাকায় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে সরকার।

আজ রোববার (১৭ মে) এক জরুরি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী জানান, প্রয়োজন হলে জরুরি সালিশি ব্যবস্থা চালু করা হতে পারে। এতে সাময়িকভাবে ধর্মঘট স্থগিত রেখে আলোচনার সুযোগ তৈরি হবে।

বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের শ্রমিক সংগঠনের সঙ্গে সোমবার আবারও বেতন সংক্রান্ত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

সরকারের হিসাব অনুযায়ী, স্যামসাংয়ের চিপ কারখানায় মাত্র একদিন উৎপাদন বন্ধ থাকলেই প্রায় ১ ট্রিলিয়ন ওন ক্ষতি হতে পারে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে এই ক্ষতি আরও কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, উৎপাদন লাইনে সাময়িক বিরতিও পুরো ব্যবস্থাকে কয়েক মাসের জন্য স্থবির করে দিতে পারে। এতে সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি ১০০ ট্রিলিয়ন ওন পর্যন্ত পৌঁছাতে পারে।

জরুরি সালিশি ব্যবস্থা চালু হলে ৩০ দিনের জন্য ধর্মঘট নিষিদ্ধ থাকবে এবং এই সময়ে জাতীয় শ্রম সম্পর্ক কমিশন আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। তবে এ ধরনের পদক্ষেপ সাধারণত খুব কমই নেওয়া হয়।

স্যামসাং দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানটি দেশটির মোট রপ্তানির প্রায় ২২ দশমিক ৮ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং শেয়ারবাজারের প্রায় এক-চতুর্থাংশের সঙ্গে জড়িত। সেখানে এক লাখের বেশি কর্মী কাজ করেন এবং প্রায় ১ হাজার ৭০০ সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্ত।

শ্রমিক সংগঠন জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের বিষয় নয়, বরং পুরো দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন