বাংলাদেশের বিক্রয় ডটকম অধিগ্রহণ করেছে আফ্রিকান ই-কমার্স প্ল্যাটফর্ম জিজি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৬ মে ২০২৬, ১৪:১১

বাংলাদেশের বিক্রয় ডটকম অধিগ্রহণ করেছে আফ্রিকান ই-কমার্স প্ল্যাটফর্ম জিজি
জিজি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্টন ভলিয়ানস্কি

আফ্রিকার শীর্ষ অনলাইন ক্লাসিফায়েডস প্ল্যাটফর্ম জিজি এবার বাংলাদেশের বাজারে বড় পদক্ষেপ নিয়েছে। দেশীয় জনপ্রিয় বিজ্ঞাপনভিত্তিক মার্কেটপ্লেস বিক্রয় ডটকমকে অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এটি আফ্রিকার বাইরে জিজির প্রথম বড় অধিগ্রহণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

জিজি জানিয়েছে, এই অধিগ্রহণের মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল ই-কমার্স বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়। যদিও চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি, তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে অভ্যন্তরীণ সম্পদ ও শেয়ারহোল্ডারদের সহায়তায় এই অধিগ্রহণ সম্পন্ন করা হয়েছে।

এর আগে একই ধরনের কৌশলে আফ্রিকার বিভিন্ন বাজারে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম কিনে নিয়েছিল জিজি। নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, উগান্ডা ও তানজানিয়ায় ওএলএক্স আফ্রিকার কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে তারা বাজারে শক্ত অবস্থান তৈরি করে। পরে ঘানার টোনাটন প্ল্যাটফর্মও কিনে নেয় প্রতিষ্ঠানটি।

২০২৫ সালের মার্চে বাংলাদেশে প্রবেশের পর থেকেই জিজি সরাসরি বিক্রয় ডটকমের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ শুরু করে। মাত্র ১৩ মাসের মধ্যে সেই প্রতিযোগিতাই এখন অধিগ্রহণে রূপ নিল।

জিজির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তন ভলিয়ানস্কি জানিয়েছেন, প্রতিটি বাজারে তারা আগে ব্যবসার সম্ভাবনা যাচাই করে, তারপর প্রতিযোগিতা গড়ে তোলে এবং শেষ পর্যন্ত নেতৃত্ব অর্জনের জন্য অধিগ্রহণের পথে যায়।

অধিগ্রহণের পরও বিক্রয় ডটকম ব্র্যান্ডটি চালু থাকবে বলে নিশ্চিত করেছে জিজি। তবে প্ল্যাটফর্মের প্রযুক্তি, ব্যবসায়িক মডেল ও বিক্রেতা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। নতুন কাঠামোতে বিক্রেতারা বিজ্ঞাপনের দৃশ্যমানতা বাড়াতে নিলামভিত্তিক ব্যবস্থায় অংশ নিতে পারবেন এবং ক্লিকের ভিত্তিতে খরচ নির্ধারিত হবে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ই-কমার্স বাজার দ্রুত বাড়ছে এবং আগামী কয়েক বছরে এটি ১২ বিলিয়ন থেকে ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই প্রেক্ষাপটে বিক্রয় ডটকমের মতো বড় প্ল্যাটফর্ম অধিগ্রহণ জিজির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

বর্তমানে বাংলাদেশের বাজারে জিজির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে আলিবাবা গ্রুপের দারাজ। তবে বিক্রয় ডটকম অধিগ্রহণের পর স্থানীয় বাজারে জিজির অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : টেকক্যাবাল

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন